উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে সাগরের নোনা পানি প্রবেশ করায় কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের তিন হাজার একর জমিতে এবার আমন চাষ করা সম্ভব হয়নি। ভাঙা বেড়িবাঁধ মেরামত করা না হলে একই জমিতে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে (লবণ মৌসুম) লবণ চাষ করা যাবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন চাষিরা।
গত ২১ মে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে সাবরাং ইউনিয়নের গোলাপাড়ায় উপকূলীয় বেড়িবাঁধের দুটি অংশ ভেঙে যায়। জোয়ারের সময় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে সাগরের পানিতে তলিয়ে যায় ইউনিয়নের ২০টি গ্রাম। এর আগে ২০১২ সালের ২২ জুলাই বেড়িবাঁধের পশ্চিমপাড়া অংশে প্রায় ৩০০ মিটার অংশ ভেঙে যায়। সেটিও এখন পর্যন্ত মেরামত করা হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক হিসাবে সাবরাং ইউনিয়নে চলতি মৌসুমে অন্তত সাড়ে তিন হাজার একর জমিতে আমন চাষ হবে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, এলাকাটি মাসের ১৫ দিন জোয়ারের লবণাক্ত পানিতে তলিয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, রাস্তাঘাটেও পানি জমে থাকে। শিক্ষার্থীদের লেখাপড়ায় সমস্যার পাশাপাশি চাষাবাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জোয়ারের পানি ঠেকাতে হলে সেখানে স্থায়ী বাঁধের বিকল্প নেই।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে আমন ধানের চাষাবাদ করা হচ্ছে ১০ হাজার ৮২০ হেক্টর (২৬ হাজার ৭২৬ একর) জমিতে। এর মধ্যে উপকূলীয় এলাকার বেড়িবাঁধে ভাঙনের কারণে সাবরাং ইউনিয়নে কৃষিকাজ ব্যাহত হচ্ছে।
গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সাবরাং ইউনিয়নের বেড়িবাঁধের খোলা তিনটি অংশ দিয়ে জোয়ারের লবণাক্ত পানি লোকালয় ও ফসলি জমিতে ঢুকছে। ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এভাবে চলতে থাকলে আগামী নভেম্বরে লবণ চাষ করা যাবে না। হারিয়াখালী এলাকার বাসিন্দা কৃষক মোহাম্মদ আলী ও বশির আহমদ বলেন, আমন চাষ করার জন্য তাঁরা কয়েকবার বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু জমি লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ায় এবার আর চাষ করা সম্ভব হচ্ছে না।
লবণচাষি নুরুল আলম বলেন, এবার আমন ধানের আবাদ ও লবণ চাষ করার জন্য তিনি ৪৫ হাজার টাকায় দুই একর জমি বর্গা নিয়েছিলেন। কিন্তু আমন চাষ করতে পারেননি। লবণ চাষ করতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি।
টেকনাফ উপজেলা লবণচাষি পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, চার বছর ধরে জোয়ারের পানি প্রবেশ করায় আমন মৌসুমে এলাকায় সব ধরনের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। স্থানীয় চাষিদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন আবার নতুন করে লবণ মৌসুম নিয়েও স্থানীয় চাষিদের মনে শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, প্রতিনিয়ত জোয়ারে ফসলি জমি প্লাবিত হচ্ছে। চাষাবাদ বন্ধ থাকায় এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ১০৬ কোটি টাকা অনুমোদন দিয়েছে একনেক। ২০১৭ সালের জানুয়ারি মাসে বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু হবে।