আমনের উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষকেরা
অনাবৃষ্টির কারণে জমি শুকিয়ে থাকায় জয়পুরহাটের কৃষকেরা আমনখেতে ইউরিয়া সার প্রয়োগ করতে পারছেন না। এ কারণে চাষিরা আমনের উৎপাদন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।কালাই উপজেলার বোরাই গ্রামের কৃষক আবদুস সামাদ বলেন, ‘ছয় বিঘা জমিতে আমন চাষ করেছি। পানির জন্য খেতে সার দিতে পারি নাই। ধানের গোছা ভালো হয়নি।’সরেজমিনে কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমের এ সময়ে খেতে দুই থেকে আড়াই ইঞ্চি পানি প্রয়োজন। সেখানে অধিকাংশ জমিতেই পানি নেই। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধানগাছের গুচ্ছও দুর্বল হয়ে যাচ্ছে। সদর উপজেলার কোমর গ্রামের কৃষক মাহফুজুর রহমান জানান, পানির অভাবে তাঁর পাঁচ বিঘা জমির ধান ভালো হয়নি। জমি শুকনো থাকায় পচাকানা (পচন) রোগও ধরেছে। একই উপজেলার পালী গ্রামের অবস্থাসম্পন্ন কৃষক শাহ আলম ১৭ বিঘা জমিতে ধান চাষ করেছেন। তিনি জানান, বৃষ্টি না থাকায় তাঁর তিন বিঘা জমির স্বর্ণ জাতের রোপা ধানে পচাকানা রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করে খুব একটা সুফল পাওয়া যাচ্ছে না। জমিও শুকিয়ে গেছে। জেলা সদরের সারের ডিলার আবদুল মান্নান জানান, বৃষ্টি না থাকায় সার বিক্রি অনেক কমে গেছে। দিনে ১০-১৫ বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে জেলায় বৃষ্টিপাত হয়েছিল ৩৯৪ মিলিমিটার। চলতি বছরের আগস্টে মাসে বৃষ্টি হয়েছে মাত্র ১৯৬ মিলিমিটার। আর চলতি সেপ্টেম্বর মাসের ১২ দিনে (গত বুধবার দুপুর পর্যন্ত) বৃষ্টিপাত হয়েছে মাত্র ১৬ মিলিমিটার।জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক দেলবর হোসেন বলেন, ‘বৃষ্টি কম হলেও জমিতে এখনো কাঁচা রস আছে। তা ছাড়াও বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপ চালু করে পানি সেচের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেকোনো মুহূর্তে বৃষ্টি হলেই পানির সমস্যা থাকবে না। তবে সেচ দিতে গিয়ে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা বেড়ে যাবে।