আমনের ক্ষতি সরিষায় পূরণের আশা
চলতি মৌসুমে পাবনার নয়টি উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার কৃষকেরা এবার আমন ধানের চাষ করে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, এই সরিষা দিয়ে তাঁরা সেটি পুষিয়ে নেওয়ার আশা করছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে নয়টি উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ হাজার ৪১৬ মেট্রিক টন।জেলা আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরিষার আবাদ হয়েছে। ফসলও ভালো হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক রাখার জন্য কৃষি তথ্য কার্যালয় থেকে কৃষকদের মধ্যে প্রচারপত্র বিলিসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ঠিকমতো ফসল ঘরে উঠলে কৃষকেরা এবার অতীতের লোকসান পুষিয়ে নিতে পারবেন।জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেখা গেছে, সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ। পাবনা শহর পার হয়ে যেকোনো সড়ক দিয়ে যাতায়াতের সময় চোখে পড়বে হলুদের সমারোহ।সদর উপজেলার তারাবাড়িয়া গ্রামের আলাউদ্দিন জানান, তিনি পাঁচ বিঘা জমিতে এবার আমনের আবাদ করেছিলেন। এতে তাঁর নয় হাজার টাকা ক্ষতি হয়েছে। একই জমিতে এবার তিনি সরিষার আবাদ করেছেন। প্রকৃতি যদি সহায় হয়, তাহলে তিনি আমনের লোকসান কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এবারের আবহাওয়া সরিষা চাষের জন্য অনুকূল। তাই ফলন খুব ভালো হয়েছে। আগামী এক মাসের মধ্যে সরিষা ঘরে তুলতে পারবেন কৃষকেরা। তবে এর মধ্যে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। উৎপাদন ঠিক রাখতে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।