আমনের চারা পশুর খাদ্য!

আমন আবাদের জন্য তৈরি করা হয়েছে বীজতলা। খেতে চারা রোপণের সব আয়োজনও সেরে ফেলেন কৃষক। কিন্তু বৃষ্টিনির্ভর আমনে বৃষ্টির দেখা নেই। তাই যন্ত্র দিয়ে আমন খেতে সেচ দিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেক কৃষক বীজতলার সেসব চারা রোপণের ঝুঁকি নিতে চাননি। ফলে অনেক কৃষকের আমন চারা বীজতলাতেই থেকে গেছে। বীজতলার এসব চারা এখন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আমন মৌসুমে ৭০ মিমি বৃষ্টি হয়েছে, যা আমন চাষের জন্য পর্যাপ্ত নয়। গত বছর একই সময়ে বৃষ্টি হয়েছিল ৩০০ মিমি।
গত শনি ও রোববার বালিয়াডাঙ্গীর ভানোর, ধনতলা ও মণ্ডলপাড়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, খেতে চারা রোপণের উপযুক্ত সময় পার হয়ে গেলেও আমনের চারাগুলো বীজতলাতেই পড়ে আছে। ফাঁকা পড়ে রয়েছে অনেক কৃষকের জমি। পড়ে থাকা বীজতলার আমনের চারাগুলো কৃষকেরা এখন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।
গত শনিবার দুপুরে বালিয়াডাঙ্গীর মণ্ডলপাড়া গ্রামের সড়কের পাশের একটি বীজতলার আমনের চারা কেটে নিচ্ছিলেন কৃষক রফিজুল ইসলাম (৬২)। চারা কেটে নেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, গত মৌসুমে আট বিঘা জমিতে আমনের চাষ করেছিলেন তিনি। এবারও সেই পরিমাণ খেতে আমন চাষের জন্য বীজতলা তৈরি করেছিলেন। বৃষ্টির আশায় থেকে সে চারার সব খেতে রোপণ করা হয়নি। এই এলাকার মাটি বেশি সময় পানি ধরে রাখতে পারে না। যন্ত্র দিয়ে সেচ দিলে অন্য এলাকার চেয়ে চার গুণ খরচ বেড়ে যায়। সে জন্য এ এলাকার কৃষক বৃষ্টির পানির ওপরই নির্ভর করেন। এবার যেটুকু বৃষ্টি হয়েছে, তা আমন চাষের জন্য যথেষ্ট নয়। এ কারণে অনেক কৃষক জমি চাষ দেওয়ার পরও আর জমিতে চারা না লাগিয়ে ফাঁকা ফেলে রেখেছেন।
আনসারহাট গ্রামের কৃষক রহিদুল ইসলাম (৪৫) বলেন, ‘সেচ ছাড়া প্রতি বিঘায় আমন আবাদ করতে এখন প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়। সেচ দিয়ে আমন আবাদ করতে গেলে প্রতি বিঘায় আবার অতিরিক্ত খরচ হবে দুই থেকে তিন হাজার টাকা। আবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার ধানের ফলন কমে আসবে। প্রতি বিঘায় পাওয়া যাবে সর্বোচ্চ ১৩ থেকে ১৪ মণ ধান। বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে আমাদের হাতে আর কিছু থাকবে না। ধানের উৎপাদন খরচ ও বাজারদর হিসাব করে জমি ফেলে রাখাই ঠিক মনে করেছি।’
ভানোর কাঁচকালি গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, ‘এলা বৃষ্টির আশায় থাকিয়া জমিত আর চারা লাগাবা পারুনি। চারালা এলা গরুক খিলাছু।’
বালিয়াডাঙ্গী কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ২১ হাজার ১০৪ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে আরও বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাফিয়ার রহমান বলেন, বালিয়াডাঙ্গীর জমি কিছুটা বেলেমাটি। মাটির এ বৈশিষ্ট্যের কারণে সেসব জমিতে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সেচ দিতে হয়। ফলে ওই এলাকার অধিকাংশ কৃষক আমন মৌসুমে বৃষ্টির ওপরই নির্ভর করেন। এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেক কৃষক উৎপাদনের সেচ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় জমিতে আমন আবাদ না করে আগাম আলু আবাদের জন্য রেখে দিয়েছেন।