আমনের চারাসংকট, বিপাকে কৃষক
সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যায় আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় চারাসংকট দেখা দিয়েছে। এতে দ্বিগুণ দামেও চারা না পাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। এদিকে টানা বর্ষণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কয়েক শ হেক্টর জমির আমনের চারা পচে গেছে। এতে সেখানেও চারাসংকট সৃষ্টি হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় সুনামগঞ্জের ১১টি উপজেলার ১৭ হাজার হেক্টর জমির রোপা আমন, বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলায় সবেচেয়ে বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল রোববার সকালে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন্যার পানি নামতে শুরু করায় আবার কৃষকেরা মাঠে নেমেছেন। খেতে আবার আমন ধান লাগাচ্ছেন তাঁরা।
উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের কৃষক হারিছ আলী জানান, তিনি তিন একর জমিতে আমন ধান লাগিয়েছিলেন। বন্যায় সব খেত নষ্ট হয়ে গেছে। এখন আবার ধান রোপণ করবেন। তবে সমস্যায় পড়েছেন চারা নিয়ে। বন্যার আগে নিজের বীজতলার চারাই খেতে রোপণ করেছিলেন। এখন চারা কিনতে হচ্ছে। কিন্তু চারা পাওয়া যাচ্ছে না। একই গ্রামের কৃষক আফিজ আলী জানান, এক কেদার (৩০ শতক) জমির জন্য দুই শতক জমির চারা লাগে। আগে এক শতক জমির চারার দাম ছিল ৫০০ টাকা, আর এখন সেই চারা কিনতে হচ্ছে ৯০০ থেকে এক হাজার ১০০ টাকায়। তবু চারা পাওয়া যাচ্ছে না।
রাজনপুরের পার্শ্ববর্তী কাঞ্চনপুর, নিয়ামতপুর, ধর্মপুর গ্রাম ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় যাঁদের ফসল নষ্ট হয়েছে, সবার পক্ষে আবার ধান লাগানো সম্ভব না-ও হতে পারে। কারণ, বেশি দামে চারা কেনার সামর্থ্য সব কৃষকের নেই। যাঁদের সামর্থ্য আছে, কেবল তাঁরাই আমন লাগাতে পারবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাসেম বলেন, ‘আমনের চারাসংকটের বিষয়টি আমরা জানি। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমরা সহায়তা চেয়েছি। তবে কবে সহায়তা পাওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলা যাবে না।’
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৩৯৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত ১৮ হাজার ১০৫ হেক্টর জমিতে চারা রোপণের কাজ শেষ হয়।
এরপর টানা দুই সপ্তাহ ভারী বৃষ্টির কারণে তারুন্দিয়া ইউনিয়নের কেইলা, মাইজবাগের কাৎলা, হিংগুয়া; ঈশ্বরগঞ্জ ইউনিয়নের শিরনী, গোবিয়া, হুলুঙ্গা বিলসহ বেশ কিছু এলাকার প্রায় ৪০০ হেক্টর জমির আমন তলিয়ে যায়। দীর্ঘদিন পানির নিচে থাকায় চারা পচে গেছে। নতুন করে চারা রোপণ করতে গিয়ে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকেরা টাকার অভাবে এখনো চারা কিনতে পারেননি। তাই নতুন চারা রোপণ করতে না পারায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন জানান, এখন পর্যন্ত উপজেলার ২৫০ হেক্টর জমির আমন নষ্ট হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এর পরিমাণ বাড়তেও পারে। কৃষকেরা নতুন করে চারা রোপণ শুরু করেছেন। প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে।