আমনের দাম ও সংগ্রহের পরিমাণ কমল
এবার আমন চালের সংগ্রহমূল্য প্রতি কেজিতে ১ টাকা কমিয়ে ৩১ টাকায় নির্ধারণ করেছে সরকার। আমন চাল সংগ্রহের পরিমাণও কমানো হয়েছে। গত বছর সরকার তিন লাখ টনের বেশি আমন চাল সংগ্রহ করে। এবার সংগ্রহের পরিমাণ দুই লাখ টন নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৫ মার্চ পর্যন্ত আমনের চাল সংগ্রহ করা হবে। তবে এবার কোনো ধান সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন ইউনিট।
চালের সংগ্রহমূল্য এবং সংগ্রহের পরিমাণ কমানোর কারণ জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, কমিটি বাজারে চালের বর্তমান দর বিবেচনা করে সংগ্রহমূল্য নির্ধারণ করেছে। গত বছরের তুলনায় বর্তমানে বাজারে চালের দর কম হওয়ায় এবার সংগ্রহমূল্য এক টাকা কমানো হয়েছে।
খাদ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এ বছর আমনে প্রতি কেজি চালের উৎপাদন খরচ হিসাব করা হয়েছে ২৬ টাকা। গত বছর উৎপাদন খরচ ছিল ২৫ টাকা। গত বছর সরকার সাড়ে তিন লাখ টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তিন লাখ টনের বেশি চাল সংগ্রহ করে খাদ্য অধিদপ্তর।
গতকালের সভায় খোলা বাজারে চাল ও গমের বিক্রয়মূল্য কমানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে মূল্য কমিয়ে কত করা হবে তা কমিটি চূড়ান্ত করেনি। কমিটি খুব শিগগির আলোচনা করে তা নির্ধারণ করবে। তবে খাদ্য বিভাগ থেকে প্রতি কেজি আটা ২২ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি চাল ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে বাজারে চাল ও আটার দাম কিছুটা কম থাকায় ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমে তেমন একটা সাড়া মিলছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে সারা দেশে সরকারি খাদ্যগুদামগুলোতে ১৬ লাখ ১ হাজার টন চাল ও গম মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ ১২ লাখ ৪৪ হাজার টন। বর্তমানে বাজারে মোটা চালের পাইকারি বাজারদর প্রতি কেজি ২৫ থেকে ২৭ টাকা এবং খুচরা মূল্য ৩০ থেকে ৩২ টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের পর্যবেক্ষণ অনুযায়ী, বাজারে প্রতি কেজি আটা ২৮ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা চালের দর ৩২ থেকে ৩৪ টাকা।