আমনের পর সূর্যমুখী, কৃষকের ভাগ্য বদলাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর খুলনা অঞ্চলে আমনের পর ব্যাপকভিত্তিক সূর্যমুখী চাষ করলে এই অঞ্চলের কৃষকদের অর্থনৈতিক অবস্থা আমূল বদলে যাবে। গতকাল বৃহস্পতিবার খুলনায় ‘ধান ও তৈলবীজ ফসলের উৎপাদন ও বিপণন’ শীর্ষক এক কর্মশালায় এ সুপারিশ তুলে ধরা হয়।
সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশের (সিসা-বিডি) উদ্যোগে ও ইউএসএআইডির আর্থিক সহায়তায় নগরের একটি প্রশিক্ষণ ও সম্মেলনকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বলা হয়, বোরো মৌসুমে সুগন্ধিযুক্ত পোলাও চাল ব্রি ধান ৩৪ এবং ব্রি ধান ৫০ (বাংলামতি) আবাদ করলে কৃষকেরা আর্থিক লাভবান হবেন। স্বল্প মেয়াদি আমন ও বোরো ধানের মাঝে বারি সরিষা ১৪ ও বারি সরিষা ১৫ চাষ খুবই লাভজনক।
বক্তারা বলেন, গবেষণায় দেখা গেছে, সূর্যমুখী বীজের তেলে স্বাস্থ্যের জন্য উপকারী লিনোলিক অ্যাসিড (৬৮ শতাংশ) রয়েছে এবং এতে ক্ষতিকারক ইরোসিক অ্যাসিড নেই। ফলে এ তেলের চাহিদাও প্রচুর। উন্নত প্রযুক্তির সহায়তায় এই অঞ্চলে সূর্যমুখীর চাষ বাড়ানো গেলে তেল আমদানি বন্ধের পাশাপাশি বিদেশে এই তেল রপ্তানি সম্ভব হবে। তাঁরা আরও বলেন, আমন-সরিষা-বোরো শস্যবিন্যাস অনুসরণ করলে কৃষকের আয় বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। ঘটবে জীবনমানের উন্নয়ন।