আমনের ফলন ও দামে খুশি চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে আমন ধানের ভালো দাম পাচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। এবার জেলায় আমনের ফলনও হয়েছে ভালো। গত কয়েক বছরের লোকসানের পর এবার ধানচাষিরা ভালো দাম পাওয়ায় খুশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের কার্যালয়ের কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৯ হাজার ৭১২ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু ১ লাখ ৩৪ হাজার ৫২৮ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
গত বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরীপুর, দৌলতপুর, আউলিয়াপুর ও বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠে মাঠে কৃষকেরা পাকা ধান কাটায় ব্যস্ত। কেউ কেউ কাটা ধান আঁটি বাঁধছেন। কেউ মাথায় করে ধানের আঁটি বাড়ি নিচ্ছেন। এ সময় কৃষক ওসমান গনি (৫৫) বলেন, শুরুতে বৃষ্টি কম হলেও এবার ধান ভালো হয়েছে। যেদিকে তাকাবেন দেখবেন ধান আর ধান। এখন সবাই সেই ধান ঘরে তুলতে ব্যস্ত। জগন্নাথপুর গ্রামের কৃষক আবদুল করিম (৬৭) বলেন, ‘ফসল ভালো হইছে। এবার ধানে চিটা কম। ধান ভালো হইলে আমার আর কিছু লাগে না।’
চলতি মৌসুমের শুরুতে প্রতি মণ মোটা জাতের ধান বাজারে বিক্রি হয়েছে ৫৫০ টাকায়। কৃষকেরা বলেন, এই দামে ধান বিক্রি করে তাঁরা লাভের মুখ দেখছেন। গত শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ও গতকাল শনিবার সদর উপজেলার খোঁচাবাড়িহাটে দেখা গেছে, গুটি স্বর্ণা জাতের এক বস্তা (৮৪ কেজি) ধান বাজারে এখন ১ হাজার ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। আর বিনা-৭ জাতের চিকন জাতের প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।
বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের কৃষক জীতেন্দ্র নাথ বর্মণ (৪৭) বলেন, এবার এক বিঘা জমিতে আমন ধান চাষ করতে তাঁর খরচ পড়েছে প্রায় ৭ হাজার টাকা। ধান পেয়েছেন ২২ মণ। তিনি প্রতি মণ ধান ৫৫০ টাকা করে বিক্রি করে মোট ১২ হাজার ১০০ টাকা পেয়েছেন। এর বাইরেও ধানের খড় বিক্রি করে পেয়েছেন আরও ১ হাজার টাকা।
সদর উপজেলার শিংপাড়া গ্রামের কৃষক ফয়জুল হক (৪১) বলেন, কয়েক বছর ধরে ধান চাষ করে তাঁরা লোকসান করেছেন। এবার দাম বাড়ায় সবাই স্বস্তি পেয়েছেন।
ঠাকুরগাঁও কৃষি কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টি কিছুটা অনিয়মিত ছিল। কিন্তু পরে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এ এলাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো পাওয়ায় কৃষকেরা খুশি।