আমনের বাম্পার ফলন, কৃষকের মুখেহাসি
ময়মনসিংহে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। কয়েক দিন জেলার বিভিন্ন উপজেলা ঘুরে এই দৃশ্য চোখে পড়ে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলার ১৩টি উপজেলায় দুই লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আট হাজার হেক্টর বেশি। অধিদপ্তরের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল হেক্টরপ্রতি দুই দশমিক ৭১ মেট্রিক টন। কিন্তু ১৩ উপজেলায় শতকরা ৪৫ ভাগ জমির ধান কাটা শেষে দেখা গেছে, হেক্টরপ্রতি গড় উৎপাদন হয়েছে তিন মেট্রিক টন।
গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন-চার বছরের তুলানায় এ বছর আমনের ফলন অনেক ভালো হয়েছে।
গৌরীপুর উপজেলার চৈয়ারকান্দা গ্রামের কৃষক হাবিব উল্লাহ ও ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের কৃষক মো. তাঁরা মিয়া জানান, এবার আমনের মৌসুমে অন্য বছরের তুলনায় ধান অনেক বেশি হয়েছে। চিটা কম থাকায় গোলায় বেশ ভালো ধান উঠবে। গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েকটি হাটবাজার ও জেলার বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ধানের দাম জাত ও মানভেদে মনপ্রতি ৬৩০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই দাম আবার কিছুটা ওঠা-নামা করছে।
কয়েকজন কৃষক জানান, এখন জমিচাষ করতে হয় কলের লাঙল (ট্রাক্টর) দিয়ে। তা ছাড়া ধান রোপণ থেকে কাটা পর্যন্ত দিনমজুর নিয়োগ করতে হয়। একজন দিনমজুরকে প্রতি দিনের জন্য দিতে হয় ৩০০ থেকে ৩৫০ টাকা করে। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে খুব বেশি মুনাফা ঘরে তোলা যায় না। তার পরও ধানের ফলন ভালো হওয়ায় কৃষকেরা খুশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক নারায়ণচন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘শতভাগ কর্তন শেষ হলে চলতি আমন মৌসুমে ময়মনসিংহ জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে বলে আশা করি। বর্তমানের ধানের বাজার দরও খারাপ না।’