আমনের ভরা মৌসুমে বৃষ্টি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি হচ্ছে না। পানির অভাবে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকে সেচযন্ত্রের মাধ্যমে জমিতে সেচ দিয়ে ধানগাছ বাঁচিয়ে রাখছেন। গত ১৫ দিনে উপজেলায় তেমন বৃষ্টি হয়নি। তাই এখানকার অনেক কৃষক পানির অভাবে জমি এখনো চাষ করতে পারেননি।আমন লাগানোর উপযুক্ত সময় আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শ্রাবণ পর্যন্ত, কিন্তু মৌসুমের মাঝামাঝি সময় থেকে টানা খরা শুরু হওয়ায় অনেক কৃষক জমি তৈরি করতে পারলেও ধানের চারা রোপণ করতে পারেননি। আষাঢ়ের শেষ দিকে প্রচুর বৃষ্টি হলেও পরে খরার কারণে তা তেমন কাজে আসেনি। কিছু নিচু জমিতে হাল চাষ দেওয়া হলেও সেগুলো এখন শুকিয়ে গেছে।গত কয়েক দিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির পানি শুকিয়ে গেছে। যেসব এলাকায় সেচ দেওয়া শুরু হয়নি, সেসব এলাকার ধানগাছ মরে যাচ্ছে। কোনো কোনো এলাকায় জমিতে সেচ দেওয়া হচ্ছে।দমদমা গ্রামের আলম খান জানান, বৃষ্টির অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত সেচ দিয়ে জমিতে হাল চাষ করা হচ্ছে। বীজতলায় চারার বয়স বেশি হওয়ায় বৃষ্টির জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। রথবাড়ী গ্রামের মোজাম্মেল হক জানান, বৃষ্টির পানিতে কিছু কিছু জমিতে রোপা আমন লাগানো হলেও সেগুলোর অবস্থা এখন করুণ। পানির অভাবে ধানগাছ লালচে আকার ধারণ করেছে।কৃষক গোলাম আম্বিয়া বলেন, ‘ইরি-বোরো আবাদের মতো জমিতে সেচ দিয়ে আমন আবাদ করতে হলে আমাদের লোকসান গুনতে হবে। কারণ, ইরি-বোরোর তুলনায় বিঘাপ্রতি আমনের ফলন হয় অর্ধেক। তাই লোকসানের আশঙ্কা অনেক বেশি। অথচ একটা সময় ছিল, যখন বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনায় তৈরি জৈব সার দিয়েই আমনের আবাদ হতো। এখন রাসায়নিক সার আর সেচের পানি ছাড়া আমনের আবাদ করা সম্ভব হচ্ছে না। তাই লোকসানের আশঙ্কায় রোপা আমন চাষে আগ্রহ হারাচ্ছেন এই এলাকার কৃষকেরা।’উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল জানান, এ মৌসুমে উপজেলায় ব্যাপক হারে আমন চাষ করেছেন কৃষকেরা; তবে মৌসুমের মাঝামাঝি সময়ে বৃষ্টি না হওয়ায় ফলন নিয়ে তাঁরা চিন্তিত।