আমনের রোগে মলিন কৃষকের বদন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমনখেতে ব্যাপক হারে পাতা ও কাণ্ড ঝলসানো রোগ (ব্লাস্ট) দেখা দিয়েছে। এ রোগের প্রকোপ থেকে ধান রক্ষায় চাষিদের অতিরিক্ত খরচ করতে হচ্ছে।
তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, রোগবালাই ‘সহনীয় পর্যায়ে’ রয়েছে।
থুমনিয়া শাহাপাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ‘আমার সাত বিঘা জমিতে পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। জমিতে একবার কীটনাশক স্প্রে করায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। এত খরচের পর আমনে এবার লাভ করতে পারব কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
মলিন মুখে একই ধরনের কথা বলেন দৌলতপুর গ্রামের আবদুর রহিম, মসলন্দপুরের সুরেশ চন্দ্র, বনুয়াপাড়া গ্রামের মো. আফজাল, উত্তর ভেলাতৈড় গ্রামের মাহবুবুর রহমান, সাটিয়া গ্রামের কৃষ্ণচন্দ্র রায়, কানাড়ি গ্রামের আপন আলী, বেতুরা গ্রামের মোজাম্মেল হক, সিঙ্গারোল গ্রামের অচিন্ত কুমার রায়সহ অন্তত ১০ জন চাষি।
চাষিরা বলেন, স্বর্ণা ও হাইব্রিড জাতের ধানেই পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে। ধানের পাতার আগা থেকে গোড়া পর্যন্ত প্রথমে হলুদ এবং পরে পাতাগুলো শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। এভাবে ধানের থোড় আস্তে আস্তে মরে যাচ্ছে। কীটনাশকে খুব একটা কাজ হচ্ছে না।
সংশ্লিষ্ট এলাকার চাষিরা জানান, উপজেলার কোষারানীগঞ্জ, খনগাঁও, সৈয়দপুর, পীরগঞ্জ, হাজিপুর ও জাবরহাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে আমনখেতে রোগবালাই দেখা দিয়েছে। এসব ইউনিয়নের শিবপুর, ভুরভুষিকালি, থুমনিয়া শাহাপাড়া, মসলন্দপুর, নিয়ামতপুর, বনুয়াপাড়া, কাস্তোর, কাঁঠালবাড়ী, দৌলতপুর, সূর্যপুর, জিয়ালবিল, সেনগাঁও বিল, সেতরাপাড়া, মাটিয়ানী বিল, দানাজপুর বিল, ঘিডোব কান্দর, চাপোড় কান্দরসহ বিভিন্ন বিল, কান্দর ও খাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে পাতা ও কাণ্ড ঝলসানো রোগ দেখা দিয়েছে। ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহ থেকে এসব রোগ দেখা যাচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পীরগঞ্জে ২৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আড়াই হাজার হেক্টরে হাইব্রিড, ১০০ হেক্টরে স্থানীয় জাত ও ২১ হাজার ৯০০ হেক্টরে উচ্চফলনশীল (উফশী) ধানের আবাদ হয়েছে। উফশী জাতের মধ্যে রয়েছে বিআর-১১, বিনা-৭, ব্রি ধান ৩৪, ৪৯, ৫১, ৫২, ৫৬ ও ৬২ এবং গুটিস্বর্ণা, রণজিতস্বর্ণা ও সুমনস্বর্ণা।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ফসলের মাঠে বিক্ষিপ্তভাবে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা যাচ্ছে। তবে এ নিয়ে চাষিদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ, রোগ এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। তা ছাড়া কৃষি বিভাগের লোকজন মাঠপর্যায়ে সর্বদা চাষিদের পরামর্শ দিচ্ছেন।’