আমন্ত্রণ না পাওয়ায় কলেজে ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষক ও ছাত্রছাত্রীদের পরিচিতি সভায় আমন্ত্রণ না পেয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কলেজের মিলনায়তনে উচ্চমাধ্যমিকের তিনটি শাখার নবীন ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজের শিক্ষকদের পরিচিত সভা শুরু হয়। বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে তাঁদের কেন আমন্ত্রণ জানানো হয়নি—সে ব্যাপারে শিক্ষকদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালান। পরে র‌্যাব ও কুষ্টিয়া মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, এটা সম্পূর্ণ কলেজের একাডেমিক সভা ছিল। এ কারণে ছাত্রলীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এতে উত্তেজিত হয়ে কিছু ছেলে ভাঙচুর করেছে। কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। জানতে চাইলে কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া জ্যেষ্ঠ নেতা খাইরুল বাশার বলেন, কলেজে একটি অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এ ব্যাপারে ছাত্রলীগের নেতারা অধ্যক্ষের কাছে জানতে গিয়েছিল। এ নিয়ে পুলিশ প্রশাসন ছাত্রলীগের নেতা-কর্মীদের আটকে রাখে। এতে উত্তেজিত কিছু ছেলে ভাঙচুর করেছে।