আমন্ত্রণ না পেয়ে অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে গতকাল শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেছে কলেজ শাখা ছাত্রদল। হামলাকারীরা ওই সময় অধ্যক্ষের কক্ষের টেবিল, দরজা ও জানালা ব্যাপক ভাঙচুর করে। এ সময় অধ্যক্ষ তাঁর দপ্তরে ছিলেন না।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। বেলা একটায় অনুষ্ঠান শেষ হওয়ার পর কলেজ অধ্যক্ষের কাছে মুঠোফোনে আমন্ত্রণ না পাওয়ার কারণ জানতে চান কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান।
অধ্যক্ষ ওই ছাত্রনেতাকে জানান, কোনো দলকেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। কলেজের সব বিভাগের শিক্ষার্থীকে নোটিশ দিয়ে অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। এর পরই ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের ওই নেতার নেতৃত্বে অধ্যক্ষের কক্ষে হামলা চালানো হয়।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মানের সঙ্গে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রদল অনুষ্ঠানের দাওয়াতই পায়নি। সুতরাং ছাত্রদলের কোনো নেতা-কর্মী অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেননি, ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা দাওয়াত না পেয়ে ভাঙচুর করেছেন।’ কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘কলেজ থেকে কোনো ছাত্রসংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে কলেজের সব শিক্ষার্থীকে নোটিশ দিয়ে আমন্ত্রণ জানানো হয়। ছাত্রদলের এক নেতা ফোন করে আমন্ত্রণ না পাওয়ার কারণ জানতে চান। এর পরই আমার দপ্তরে গিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় মামলা করা হবে।’