আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ ছাত্রলীগ, অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা-কর্মীদের আমন্ত্রণ না জানানো ও অনুষ্ঠানে তাঁদের আসন না রাখায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ৪০টি চেয়ারে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং নবীন শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। গত রোববার রাত ১২টায় এবং সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেছে। একই সঙ্গে কোষাধ্যক্ষ গোপালচন্দ্র সেনকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শিগগিরই প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার রাত ১২টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা নবীন বরণ মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ৪০টি চেয়ারে আগুন ধরিয়ে দেন। অন্য চেয়ারগুলো দা দিয়ে কেটে ফেলেন। এ অবস্থায় সোমবার সকালে পুলিশ-পাহারায় অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি দাবিদার মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক আল আমিনসহ নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে নবীনদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের বক্তব্যের সময় অনুষ্ঠানস্থলে হাঙ্গামা সৃষ্টি করলে তিনি তড়িঘড়ি বক্তব্য শেষ করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের সমাপ্তি টানে। বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খানের সভাপতিত্বে শিক্ষকদের এক বৈঠকে কোষাধ্যক্ষ গোপালচন্দ্র সেনকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া অনুষ্ঠান মঞ্চে আগুন লাগানো, চেয়ার পোড়ানো ও ব্যানার ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ দত্ত হলে একজন প্রভাবশালী শিক্ষককে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা খাওয়া-দাওয়া করেন। এরপর সেখান থেকে এসেই তাঁরা নবীন বরণ মঞ্চ ভাঙচুর ও আগুন দেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘আমাদের জন্য চেয়ার না থাকায় নবীন শিক্ষার্থীরাই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। আমরা কোনো ধরনের নাশকতার সঙ্গে জড়িত নই। এমনকি আগুন লাগানোর সঙ্গে ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’এ ব্যাপারে উপাচার্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কুমিল্লা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিস্থিতি বর্তমানে ঠিক আছে। নবীন বরণ অনুষ্ঠানও হয়েছে।’ এর আগেও ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় সাংসদের নাম নবীন বরণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে না থাকায় অনুষ্ঠান ভণ্ডুল করে দেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত হলেও তা মানা হচ্ছে না।