আমন্ত্রণ না পেয়ে প্রকৌশলীকে লাঞ্ছিত করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় এলজিইডির সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ। গতকাল রোববার সকালে সংগঠনটির উপজেলা সভাপতি আক্তারুজ্জামানের নেতৃত্বে ওই ঘটনা ঘটে।জানা যায়, তিন কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বাবুগঞ্জ উপজেলার সড়ক উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠান ছিল গত শুক্রবার। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগকে আমন্ত্রণ না করায় সংগঠনের সভাপতির নেতৃত্বে নেতা-কর্মীরা গতকাল এলজিইডির কার্যালয়ে সহকারী প্রকৌশলীর কক্ষে গিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁকে লাঞ্ছিত করেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে কেন আমন্ত্রণ করা হয়নি তা জানতে এলজিইডির কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে সহকারী প্রকৌশলীর সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে। তবে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। সহকারী প্রকৌশলী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, আক্তারুজ্জামানের সঙ্গে বাগিবতণ্ডা ও গণ্ডগোল হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই উন্নয়নকাজের দরপত্রে অংশ নিয়েছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান। কাজ না পাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এরই অংশ হিসেবে তিনি ছাত্রলীগের কর্মীদের নিয়ে উপজেলা সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করেন।