আমন্ত্রণপত্রে নাম না থাকায় যুবলীগ নেতাদের এত রাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফিরোজপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গত শনিবার। কিন্তু ওই দিন বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার ডাক দেয় উপজেলা যুবলীগ। এ কারণে স্কুলের অনুষ্ঠান বাতিল করে দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।সূত্র জানায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় যুবলীগের নেতাদের নাম না রাখায় ওই আলোচনা সভার ডাক দেওয়া হয়।অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে একজন শিল্পপতির নাম উল্লেখ করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, ওই শিল্পপতিকে প্রধান অতিথি করায় যুবলীগের নেতা-কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন।সরেজমিনে গত শনিবার ওই বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। এ ছাড়া বিদ্যালয়ের মাঠে যুবলীগের আলোচনা সভার কোনো আয়োজনও চোখে পড়েনি।বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু গত শুক্রবার চরদুখিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর মিজির স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়। চিঠিতে গত শনিবারের জন্য বিদ্যালয়ের মাঠ বরাদ্দ চাওয়া হয়। চিঠিতে বলা হয়, শনিবার বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের আলোচনা সভা করা হবে। চিঠি পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিপাকে পড়ে। পরে অনুষ্ঠান বাতিল করা হয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাছান আবদুল হাই বলেন, এলাকার একটি কুচক্রী মহল বিদ্যালয়টির ভালো চায় না। এ কারণে এই পরিস্থিতি হয়েছে।ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর মিজি বলেন, ওই দিন ফিরোজপুর জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের আলোচনা সভা করার জন্য দলীয় নির্দেশ ছিল।উপজেলা যুবলীগের সভাপতি মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মূল্যায়ন না করে চাঁদার বিনিময়ে এলাকায় বিতর্কিত ব্যক্তিদের মূল্যায়নের বিষয়টি স্থানীয় জনগণ মানতে নারাজ। যে কারণে ওই বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা করার জন্য বলা হয়েছিল।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমন্ত্রণপত্রে যুবলীগের স্থানীয় কয়েকজন নেতার নাম না থাকায় তাঁদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের অব্যাহত হুমকি-ধামকির কারণে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, এ ছাড়া আর কোনো উপায় ছিল না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোন্নাফ ভূঁইয়া এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।