আমবাগান গড়ার কারিগর

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের উঁচু-নিচু বরেন্দ্রভূমি। রুক্ষ্ম এ ভূমি আম চাষের উপযোগী নয় বলেই জানতেন এলাকার লোকজন। এ ধারণা বদলে দিয়েছেন মজিবুর রহমান নামের এক ব্যক্তি। তাঁর জন্যই পুরো এলাকা ছেয়ে গেছে আমের বাগানে।
গত ১২ বছরে মজিবুর রহমান ওই এলাকায় অন্যের জমিতে গড়ে দিয়েছেন দুই হাজারের মতো আমের বাগান। যদিও তাঁর নিজের কোনো বাগান নেই।
মজিবুরের গড়ে দেওয়া বাগানগুলোতে যেসব গাছ রয়েছে তার বেশির ভাগই আম্রপালি। এর সঙ্গে রয়েছে বারি-৪ এবং মল্লিকাসহ বিভিন্ন সংকর জাতের আম। এলাকায় গড়ে উঠেছে ১০-১২টি আমের আড়ত। প্রতিদিন প্রায় লাখ টাকা লেনদেন হচ্ছে। আমের ওপর ভর করে দিন বদলে গেছে এখানকার পাঁচ শতাধিক চাষির। গড়ে উঠেছে আম ব্যবসায়ী সমিতি। ওই সমিতির লোকজন জানান, চলতি মৌসুমে ঘাটনগরের বাগান থেকে বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার আম। চাঁপাইনবাবগঞ্জের বাইরে বাণিজ্যিকভাবে এভাবে আম উৎপাদন করা সম্ভব—তা ১০ বছর আগেও এখনকার মানুষের কল্পনার বাইরে ছিল।
মজিবুর একসময় চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলে পুকুরে বাস করতেন। তখন তিনি ঠিকাদারি ব্যবসা করে সংসার চালাতেন। বরেন্দ্র প্রকল্পে বনজ গাছ লাগানোর কাজ পেয়ে চারা তৈরির অভিজ্ঞতা অর্জন করেন তিনি। মজিবুরের বাবার আমবাগান থাকার কারণে শৈশব থেকেই আমের প্রতি ভালোবাসা ছিল তাঁর। বনজ গাছের চারা তৈরির অভিজ্ঞতা তিনি আমের চারা তৈরিতে কাজে লাগান। ২০০১ সালে তিনি নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহারে উঁচু-নিচু বরেন্দ্রভূমির চার বিঘা জমি ইজারা নিয়ে ‘পূর্বাশা’ নামের একটি নার্সারি গড়ে তোলেন। পাশাপাশি সেখানে তিনি আম্রপালি এবং মল্লিকাসহ সুস্বাদু বিভিন্ন জাতের আমের মাতৃবাগান গড়ে তোলেন। দু-তিন বছরের মধ্যে বরেন্দ্রভূমির পতিত জমিতে কয়েক শ ছোট ছোট গাছে থোকায় থোকায় আম ঝুলতে দেখে এলাকাবাসী বিস্মিত হন।
এরপর মজিবুর এলাকাবাসীকে আমবাগান গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, আমের চারা বিক্রির স্বার্থেই তিনি প্রচলিত পদ্ধতির পরিবর্তে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আমবাগান গড়ে তোলার পরামর্শ দিতে থাকেন। তখন অনেক দরিদ্র চাষিকে চারা বাকিতে নিয়ে বাগান তৈরির আহ্বান জানান তিনি। এরপর নিজেই অন্যের জমিতে গিয়ে বাগান তৈরির কাজ করেন।
মজিবুর বলেন, এসব বাগানের বেশির ভাগ গাছই আম্রপালি জাতের। দু-এক বছরেই বাগানের চেহারা দেখে এলাকাবাসী তাক লেগে যান। ধানচাষিদের চেয়ে আমচাষিদের পাঁচ-সাত গুণ বেশি আয় হতে থাকে। এরপর পুরো এলাকায় আমের বাগান তৈরির হিড়িক পড়ে যায়। এলাকাবাসীর আর্থিক সচ্ছলতা আসে। তিনি বলেন, ‘পাঁচ-সাত বছরের মধ্যেই আমবাগান গড়ার দক্ষ কারিগর হিসেবে আমার পরিচিতি ছড়িয়ে পড়ে। শুধু পোরশা-সাপাহারেই নয়, পঞ্চগড়, টাঙ্গাইল এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের বরেন্দ্রভূমিতেও আমবাগান তৈরির জন্য আমার ডাক পড়ে। এসব এলাকায় বহু আমবাগান গড়ে তুলেছি আমি। বাকি জীবনও আমবাগান ছড়িয়ে দেওয়ার কাজ করে যাব।’ মজিবুর বলেন, আমবাগান গড়ার নেশা রয়েছে—এমন কোনো ব্যক্তি যদি তাঁর সহায়তা চান, তবে তিনি দেশের যেকোনো প্রান্তে গিয়ে সহায়তা করে আসবেন।
সাপাহার উপজেলার সুন্দরা গ্রামের নারায়ণ চন্দ্র সাহা অভাবে পড়লে তাঁর ৩৩ বিঘা জমির মধ্যে ২১ বিঘাই বিক্রি করে দিতে হয়। ওই সময় চোখে অন্ধকার দেখতে থাকেন তিনি। একপর্যায়ে মজিবুর রহমান তাঁকে আমবাগান গড়ে তোলায় উদ্বুদ্ধ করেন। মজিবুরের সহায়তায় ২০০২ সালে পৌনে দুই বিঘা জমিতে আম্রপালি, মল্লিকা, লক্ষ্মণভোগ এবং সাটিয়ার ক্যাড়া জাতের ২৬৪টি আমগাছ লাগান তিনি। এক বছরের মাথায় নয় হাজার টাকার আম বিক্রি করেন নারায়ণ। এর পরের বছর ৫০ হাজার টাকার আম বিক্রি করেন তিনি। অথচ ওই জমি থেকেই নারায়ণের তিন-চার হাজার টাকার বেশি আয় হয়নি। পরবর্তী সময়ে নারায়ণ আমের বাগান সম্প্রসারণ করেন।
ঘাটনগর আম ব্যবসায়ী সমিতির লোকজন জানান, তাঁরা এবার প্রায় ৩০ কোটি টাকার আম বিক্রি করেছেন। বিপুলসংখ্যক মানুষ আম চাষ করে আর্থিক সচ্ছলতা এনেছেন। অথচ আট-দশ বছর আগে এ অবস্থার কথা কল্পনাও করা যায়নি।