আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো এখন অতি মুনাফালোভীদের নিয়ন্ত্রণে রয়েছে। আর তাঁরা প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক পদার্থ ও ভারত থেকে পাচার হয়ে আসা কালটার হরমোন ব্যবহার করায় অনেক আমগাছ অকালে মারা যাচ্ছে। বাগানগুলো ক্রমেই বিবর্ণ হয়ে পড়ছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী আম সম্পদের উন্নয়নবিষয়ক জাতীয় সেমিনারে এসব বক্তব্য উপস্থাপন করা হয়। দুটি অধিবেশনে ভাগ করে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ শহরের কাব সুপার মার্কেটের চাঁপাই ফুড ক্লাবে।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজার সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এসিআইয়ের নির্বাহী পরিচালক (এগ্রো) এফ এইচ আনসারী। এ অধিবেশনে মাঠপর্যায়ে আমের সমস্যা ও তার প্রতিকার শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ম. গোলাম মোর্তুজা, আম সম্পদের সম্ভাবনাসমূহ, রপ্তানি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন এবং জাতীয় বৃক্ষ আমগাছ ও আম সম্পদের উন্নয়ন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাব্বির আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন সেমিনারের আহ্বায়ক অধ্যক্ষ সাইদুর রহমান।
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মদন গোপাল সাহার সভাপতিত্বে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বক্তব্য দেন। মুক্ত আলোচনায় অংশ নেন আমচাষি মোহাম্মদ আলী কামাল, সেতাউর রহমান, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, আম উৎপাদনে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম হলেও রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থান নেই। অথচ রপ্তানিযোগ্য ভালো আম উৎপাদন হয় বাংলাদেশে। গাছ থেকে আম ভাঙার পর ভোক্তা পর্যন্ত যেতে ৩১ ভাগই নষ্ট হচ্ছে। সংগ্রহোত্তর ব্যবস্থাপনা দুর্বলতার কারণে এ বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে। এ জন্য লাগসই পদ্ধতিতে আম ভাঙা, উন্নত প্যাকেজিং পদ্ধতি উদ্ভাবন ও রেলপথে পরিবহনের দাবি তোলেন বক্তারা।
সেমিনারে আম নিয়ে গবেষণা জোরদার, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া রাসায়নিক পদার্থ ও হরমোন ব্যবহার নিষিদ্ধ, চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আম গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী ঘোষণা, জাতীয় আম প্রদর্শনী ও আম নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠান ও আমকেন্দ্রিক পর্যটনশিল্প গড়ে তোলাসহ বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।