আমবাগানে সাথি ফসল লটকন চাষের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের মধ্যে সাথি ফসল হিসেবে ‘লটকন’ চাষের দারুণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যানতত্ত্ববিদেরা। তাঁরা বলছেন, এভাবে ১৭ হাজার মেট্রিক টনের বেশি লটকন উৎপাদিত হতে পারে। এ থেকে বছরে ২০০ কোটি টাকারও বেশি আয় হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে ছয় বছর আগে তৎকালীন উদ্যানতত্ত্ববিদ মোফাজ্জল হোসেন আমবাগানের মধ্যে লটকনের ২০টি চারা রোপণ করেন। এরপর সেখানে নিবিড় তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এতে আশাব্যঞ্জক ফল পাওয়া যায়। তিন বছর থেকে গাছে ফল ধরছে।
হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান বলেন, আধো আলো আধো ছায়াযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে লটকন ভালো ফলে। চাঁপাইনবাবগঞ্জের প্রায় ২৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এসব বাগানের অর্ধেক জমিতে যদি গাছের ফাঁকে ফাঁকে ১৫ থেকে ২০ ফুট দূরত্বে লটকনগাছ লাগানো যায়, তবে ১ লাখ ৮৩ হাজার ৫২৫ গাছ লাগানো সম্ভব। তিন-চার বছরের গাছই ফলন দিতে শুরু করে। তবে ১০-১৫ বছরের গাছে ফলন হবে ৪০ কেজির মতো। এ থেকে বছরে ৭ হাজার ৩৪১ মেট্রিক টন লটকন উৎপাদিত হবে। অন্যদিকে জেলার ২ লাখ ৪৩ হাজার ২০০ কৃষক পরিবারে একটি করে গাছ লাগালে উৎপাদিত হতে পারে আরও ৯ হাজর ৭২৮ মেট্রিক টন লটকন। ৮০ টাকা কেজি হিসেবে এর দাম ধরা হলে উৎপাদিত লটকনের মূল্য দাঁড়াবে ২১৪ কোটি টাকারও বেশি।
উদ্যানতত্ত্ববিদ সাইফুর রহমান আরও বলেন, বিশ্বের ৬৭৫টি অপ্রচলিত ফলের মধ্যে লটকন অন্যতম। দক্ষিণ এশিয়ার এ ফল ভারত ও মালয়েশিয়ায় প্রচুর উৎপাদিত হয়। দেশের নরসিংদী, কিশোরগঞ্জ ও পঞ্চগড়ে লটকনের চাষ হলেও চাঁপাইনবাবগঞ্জে হয় না। অথচ এখানে আমবাগানের সঙ্গেই লটকন চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। লটকনের রস মিষ্টি ও শ্বাস সামান্য টক। এটি আর্থ্রাইটিস, ফোড়া ও চর্মরোগে দারুণ উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভালো কাজ করে। এর শিকড় ও বাকল চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।