আমবাগানের সাত সাইলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমের কচি পাতায় পুরুষ সাত সাইলি। রাজশাহীর পবা উপজেলার বায়া গ্রামে l লেখক
আমের কচি পাতায় পুরুষ সাত সাইলি। রাজশাহীর পবা উপজেলার বায়া গ্রামে l লেখক

সকাল থেকে রাজশাহীর মোহনপুরের বিলে ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। পাখি খুঁজতে খুঁজতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল। বিল ছেড়ে গ্রামের মেঠোপথ ধরলাম। প্রায় দুই কিলোমিটার হাঁটার পর পাকা রাস্তার দেখা পেলাম। ভ্যানে চেপে আমাদের দুধরাজের আবাস পবার বায়া গ্রামের উদ্দেশে রওনা হলাম।
গ্রামে ঢোকার মুখেই দেখা হয়ে গেল সোনা বৌ, নীলটুনি ও কালোমাথা গুধুকার সঙ্গে। এরপর আমবাগানে ফটিকজল আর নীল রাজা-রানির দেখা মিলল। কিন্তু আমবাগানে ঘণ্টাখানেক ঘোরাঘুরি করেও সুদর্শন লম্বালেজি দুধরাজ বা দুধরানির দেখা পেলাম না।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। এক চিলতে রোদ আমগাছের লালচে কচি পাতার ওপর এসে পড়ল। এমন সময় কোত্থেকে কাজল-কালো চোখের কালচে-ধূসর ও কমলা রঙের ছোট্ট একটি পাখি আমের কচি পাতার ওপর বসল। বিকেলের মিষ্টি রোদে ওর কালচে মাথা চকচক করে উঠল। আর কমলা রং যেন লাল হয়ে জ্বলে উঠল। খানিক পড়ে হালকা ধূসর ও হলদে রঙের একই ধরনের আরেকটি পাখি পাশে এসে বসল। এরপর ওরা গাছের ডাল-পাতায় চমৎকার ভঙ্গিমায় উড়ে উড়ে পোকা খেতে লাগল।
আমবাগানের ছোট্ট এই পাখি দুটি হলো সাত সাইলি। ছোট সহেলি নামেও পরিচিত। ইংরেজি নাম Small Minivet, Little Minivet, Lesser Minivet। Campephagidae পরিবারের পাখিটির বৈজ্ঞানিক নাম Pericrocotus cinnamomeus।
সাত সাইলির দেহের দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার এবং ওজন ৮ গ্রাম। পুরুষটির মাথা, গলা, পিঠ ও লেজের উপরিভাগটা কালচে-ধূসর। বুক, পেট, কোমর ও ডানার প্রান্তের কিছু পালক লালচে-কমলা। লেজের তলা হলুদাভ। স্ত্রীটির বুক ধূসর-ছাই, পেট হলুদাভ। কোমডর কমলা। লেজের তলা হলুদ। ডানায় অল্প কিছু হলুদ রং দেখা যায়। স্ত্রী-পুরুষ উভয়ের চোখ কালচে-বাদামি। ঠোঁট কালচে-বাদামি। বাচ্চাদের পালকের রং ফ্যাকাশে।
ছোট সহেলি বহুল দৃশ্যমান আবাসিক পাখি। বাংলাদেশের প্রাকৃতিক বনসহ আমবাগান, বনের প্রান্ত, চষা জমি, এমনকি সুন্দরবনেও দেখা যায়। একাকী, জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড প্রভৃতি দেশে পাওয়া যায়। গাছের শাখায়-পাতায় ওড়াউড়ি করে এবং খাবার খোঁজে। কীটপতঙ্গ, মথ, শুঁয়াপোকা, নরম পোকামাকড় ইত্যাদি খায়। নরম কণ্ঠে অনবরত ডাকাডাকি করে।
ফেব্রুয়ারি-অক্টোবর প্রজননকাল, তবে এপ্রিল থেকে জুলাইয়ে বেশি ডিম-বাচ্চা তোলে। কখনো কখনো দুবারও বাচ্চা তোলে। মাটি থেকে ১০-১২ মিটার উচ্চতায় গাছের দো-ডালা, তে-ডালা বা ঝোপঝাড়ে ঘাস-লতা ইত্যাদিতে মাকড়সার জাল জড়িয়ে ছিমছাম ছোট্ট বাসা বানায়। ডিম পাড়ে ২-৩টি। স্ত্রী একাই তা দেয়। ডিম ফোটে ১২-১৮ দিনে। বাচ্চারা ২০-২৫ দিনে উড়তে শেখে।