আমমোক্তারনামায় ছবি ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমমোক্তারনামায় ছবি ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করে ‘পাওয়ার অব অ্যাটর্নি বিল ২০১২’ গতকাল সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন ও পারিতোষিক করের আওতায় আনতে সংসদে আরও দুটি বিল উত্থাপিত হয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এসব বিল উত্থাপন করেন।এদিকে মানব পাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মানব পাচার প্রতিরোধ ও দমন বিল, ২০১২ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিলগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।আমমোক্তারনামা বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, ভূমি ও ফ্ল্যাটের দাম বাড়ায় আমমোক্তারনামা দলিলের (পাওয়ার অব অ্যাটর্নি) ক্ষেত্রে নানা জাল-জালিয়াতির ঘটনা ঘটছে। প্রায় ১৩০ বছর আগে প্রণীত পাওয়ার অব অ্যাটর্নি আইনটি বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে যথার্থ নয় এবং নিত্যনতুন জালিয়াতি ঠেকাতে সক্ষম নয়। সময়ের চাহিদা পূরণে প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা জরুরি।প্রস্তাবিত আইনের ৬ ধারায় বলা হয়েছে, পাওয়ার অব অ্যাটর্নি দলিলে (আমমোক্তারনামা) অবশ্যই দাতা ও গ্রহীতার দায়িত্ব, ক্ষমতা ও কাজের সুস্পষ্ট বিবরণ থাকতে হবে। দলিলে দাতা ও গ্রহীতার এক কপি করে ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। তবে বিদেশে বসবাসরত ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রের বদলে পাসপোর্টের কপি সংযুক্ত করতে পারবেন। বিদেশে আমমোক্তারনামা দলিল তৈরি হলে, দেশে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সত্যায়িত করতে হবে।মানব পাচার: মানব পাচারসংক্রান্ত বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, মানব পাচার কোনো দেশের একক সমস্যা নয়। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট আইনের অভাবে মানব পাচার রোধ করা যাচ্ছে না। এ ছাড়া বিদেশে কর্মসংস্থানের উদ্দেশে বাংলাদেশ থেকে যাঁরা প্রতিবছর বাইরে যান, তাঁরা পাচারকারীদের প্রলোভনে হয়রানির শিকার হন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।বিলে আরও বলা হয়, কোনো ব্যক্তি বেআইনিভাবে অন্য কোনো ব্যক্তিকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করলে কিংবা হুমকি দিয়ে শ্রম ও সেবা আদায় করলে সর্বোচ্চ ১২ বছর ও সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।প্রস্তাবিত আইনে যৌনপল্লি স্থাপন ও পরিচালনাকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। আইনে বলা হয়, কোনো ব্যক্তি পতিতালয় স্থাপন বা পরিচালনা করলে বা সক্রিয়ভাবে সহায়তা বা অংশ নিলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য করা হবে। এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন তিন বছর অথবা অন্যূন ২০ হাজার টাকা জরিমানা। কোনো ব্যক্তি এ আইনের আওতায় মিথ্যা বা হয়রানিমূলক মামলা করলে মামলাকারীকে অপরাধী হিসেবে ধরা হবে। এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ড।স্পিকার, ডেপুটি স্পিকার আয়করের আওতায়: জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন ও পারিতোষিক করের আওতায় আনতে সংসদে পৃথক দুটি বিল উত্থাপিত হয়েছে।উত্থাপিত বিল দুটি হলো, মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২ এবং স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১২। এরপর দুটি বিল যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, প্রস্তাবিত দুটি আইন ২০১১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, সাধারণভাবে যেকোনো ব্যক্তির নির্দিষ্ট সীমার ওপর অর্জিত আয় করযোগ্য। কিন্তু স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৪ এবং মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ অনুযায়ী সাংসদ, স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন করমুক্ত। ফলে তাঁদের সঙ্গে সাধারণ নাগরিকের করারোপের বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করতে আইন দুটিতে সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে।বিদ্যমান আইন অনুযায়ী স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ টাকা, ভাতা ৭৫ হাজার ২৭৮ টাকা, ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০, ভাতা ৭৫ হাজার ২৭৮ টাকা এবং সাংসদদের বেতন ২৭ হাজার ৫০০, ভাতা ৭৩ হাজার টাকা।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনায় গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতাকে হত্যার মাধ্যমে এ দেশে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, সেনাসদস্য ও তাহেরকে হত্যা করে ক্ষমতা দখল করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী তৎপরতা শুরু করেছেন। হিযবুত তাহ্রীরের বক্তব্যের সঙ্গে খালেদা জিয়ার বক্তেব্যের মিল আছে। তাই জাতি জানতে চায়, সেনা অভ্যুত্থানের যে অপচেষ্টা হয়েছে, তার সঙ্গে খালেদা জিয়া জড়িত কি না।মাহমুদ আলী আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাস করেন না। সে জন্য তিনি সংসদে মাত্র ছয় দিন যোগ দিয়েছেন। শুরুতে তিনি তাঁর দুই দুর্নীতিবাজ ছেলেকে রক্ষায় ব্যস্ত ছিলেন। এখন তিনি যুদ্ধাপরাধীদেরও রক্ষার চেষ্টা করছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন বেনজীর আহমেদ, আহমেদ নাজমীন সুলতানা, শফিকুল ইসলাম প্রমুখ। সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।