আমরইল চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরইল চা-বাগানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এক শ্রমিকের বিরুদ্ধে হওয়া সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করার দাবিতে গত সোমবার থেকে শ্রমিকেরা ওই কর্মসূচি পালন করছেন।
চা-বাগানের শ্রমিক ও বাগান পঞ্চায়েত কমিটির অভিযোগ, ১৯ জুলাই চা-বাগানের চিকিৎসা কর্মকর্তা হাসান মাহবুব তাঁর বাংলোর চৌকিদার ভূবন দাসকে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা দেন। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় ভূবন দাস হাসানকে হুমকি দেন। এ ঘটনার পর হাসান ২০ জুলাই শ্রীমঙ্গল থানায় একটি জিডি করেন। এই জিডির পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই ভূবন দাসের খোঁজে আমরইল চা-বাগানে পুলিশ যায়। বাগানে পুলিশ যাওয়ায় ক্ষুব্ধ চা-শ্রমিকেরা গত সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ দেননি। আমরইল চা-বাগানে ৬৬৩ জন নিয়মিত শ্রমিক কাজ করেন।
আমরইল চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক দুলাল বুনার্জী গতকাল মঙ্গলবার বলেন, ‘বাংলোতে ডিউটি অবস্থায় ডাক্তার সাহেব চৌকিদারকে ধাক্কা দেন। এরপর ডাক্তার সাহেব জিডি করলেন। বাগানে পুলিশ এল। তাই গত (সোমবার) সকাল থেকে শ্রমিকেরা কাজে যাননি। আজও কর্মবিরতি করছেন। পরে কী হবে এখনো বলতে পারি না। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করতে হবে।’
চা-বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুক বলেন, ‘ডাক্তার সাহেবের সঙ্গে একটা ভুল-বোঝাবুঝি হয়েছিল। চৌকিদার হুমকি দিয়েছিল। ডাক্তার সাহেব জিডি করায় বাগানে পুলিশ আসে। আমরা থাকতে পুলিশ কেন এল, এই হচ্ছে ধর্মঘটের কারণ। শ্রমিকদের সঙ্গে চলা সমস্যার সমাধান হয়ে যাবে।’