আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ, শিক্ষার্থীদের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা
ছবি: আনিস মাহমুদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ছয় দিনের বেশি সময় ধরে চলমান আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য ‘সম্মিলিত অনুরোধ’ জানিয়েছেন আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী। তবে অনশনকারীরা এ অনুরোধে সাড়া দেননি। অনশনকারীরা বলেছেন, তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন।

১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

মঙ্গলবার ছিল আন্দোলনের ১৩তম দিন। শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি ও অর্থ সহায়তার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার এবং এর আগের দিন অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশ্ববিদ্যালয়টির পাঁচজন প্রাক্তন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের সিলেট মহানগরের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।

অনশন প্রত্যাহারে অনুরোধ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে নিজেদের মধ্যে জরুরি বৈঠক করেন। তাঁদের আলোচনায় আসে অনশনে বসা শিক্ষার্থীরা খাবার ও পানি গ্রহণ না করায় এখন মৃত্যুপথযাত্রী। তাঁদের এই সংকটাপন্ন অবস্থা আন্দোলনকারীরা মেনে নিতে পারছেন না। ফলে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাঁদের কাছে গিয়ে আমরণ অনশন থেকে সরে আসার অনুরোধ জানাবেন।

পরে আন্দোলনরত কয়েক শ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের কাছে যান। আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রায় ৪০ মিনিট ধরে তাঁরা অনশনকারীদের বুঝিয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ফলে অনশনরত শিক্ষার্থীদের দুর্বিষহ যন্ত্রণা কেউ সহ্য করতে পারছেন না। তাই আন্দোলনরত সব শিক্ষার্থীর পক্ষ থেকে তাঁদের অনশন থেকে সরে আসতে অনুরোধ করা হয়েছে। অপর শিক্ষার্থীরা তাঁদের সামনে শপথ পাঠ করেছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত কেউ আন্দোলনের মাঠ ছাড়বেন না।

চিকিৎসাসেবা বন্ধের অভিযোগ

গত সোমবার রাত দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি সংবাদ সম্মেলন করে তাঁদের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অনশন শুরুর পর শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে একটি চিকিৎসক দল গঠন করে চিকিৎসা দিয়ে আসছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক মো. নাজমুল হাসান। মঙ্গলবার যোগাযোগ করা হলে নাজমুল হাসান বলেন, ‘আন্দোলনকারীদের যাঁরা অসুস্থ হচ্ছেন, তাঁদের সবারই করোনার উপসর্গ রয়েছে। তাঁদের নমুনা দেওয়ার পরামর্শ দেওয়া হলেও তাঁরা দিচ্ছেন না। যদি সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেটি সবার মধ্যে ছড়াবে। চিকিৎসক দলেও তা ছড়ানোর আশঙ্কায় সেবা প্রদান সাময়িক স্থগিত রেখেছি।’

কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার অভিযোগ করেছেন, আন্দোলন দমাতে প্রশাসন বিভিন্ন কৌশলে বাধার সৃষ্টি করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের খাবারের সব কটি ছোট দোকান ও ফুডকোর্ট বন্ধ করে দেওয়া হয়। হুট করে এসব দোকান বন্ধ থাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা খাবারের সংকটে পড়েন।

উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ–সংযোগ স্থাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত পৌনে একটার দিকে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ-সংযোগ পুনরায় স্থাপন করে দিয়েছেন তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গত রোববার রাতে উপাচার্যের বাসভবনের বিদ্যুতের তারটি কেটে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বাসভবন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। গত সোমবার উপাচার্যের বাসভবনে খাবার সরবরাহ করতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দিলেও মঙ্গলবার দুপুরে শিক্ষকদের আনা খাবার ভেতরে পাঠানোর সম্মতি দিয়েছেন তাঁরা। তবে শিক্ষকদের বদলে উপাচার্যের বাসভবনে দায়িত্বরত পুলিশ সদস্যদের মাধ্যমে এ খাবার ভেতরে পাঠানো হয়।

প্রাক্তন পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া শাবিপ্রবির প্রাক্তন পাঁচ শিক্ষার্থী হলেন হাবিবুর রহমান খান (২৬), রেজা নূর মঈন (৩১), এ এফ এম নাজমুল সাকিব (৩২), এ কে এম মারুফ হোসেন (২৭) ও ফয়সল আহমেদ (২৭)। এর মধ্যে হাবিবুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১২ সালে পাস করেছেন। একই বছর স্থাপত্য বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন এবং এ এফ এম নাজমুল সাকিব।

সিলেট মহানগরের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, শাবিপ্রবির সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর অপচেষ্টা, সংঘবদ্ধভাবে চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগে ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

‘সরকারকে ভুল তথ্য দেওয়া হচ্ছে’

শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সরকারকে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাংসদ ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে অনশনরত শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করতে এসে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর মোকাব্বির খান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মুঠোফোনে কল করে তাঁকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে জানান। কথা বলার একপর্যায়ে সাংসদ মোকাব্বির খান মুঠোফোন লাউড স্পিকারে দিলে ড. কামাল হোসেন পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীদের দাবির বিষয়টি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান হোক। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।’

আলোচনায় বসার আহ্বান

শিক্ষার্থীদের আন্দোলনের প্রথম ছয় দিনে দাবি পূরণ না হওয়ায় গত বুধবার বেলা তিনটা থেকে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছেন ২৪ শিক্ষার্থী। তাঁদের একজনের বাবা অসুস্থ হয়ে পড়ায় বাড়ি চলে গেছেন তিনি। বাকিরা কেউ হাসপাতালে, কেউ অনশনস্থলে আছেন। এ অবস্থায় গত শনিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নেতৃত্বে শিক্ষামন্ত্রীর একটি প্রতিনিধিদল এ বৈঠকের আয়োজন করে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শফিউল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষামন্ত্রী ভার্চ্যুয়াল বৈঠকে আমরণ অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বিবেচনা করে তা প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। আমরা এখনো শিক্ষার্থীদের প্রতিনিয়ত আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। তখন শিক্ষার্থীরা যেসব যৌক্তিক দাবি উপস্থাপন করবেন, অবশ্যই শিক্ষামন্ত্রী সেসব পূরণ করবেন।’

প্রতিবাদ, বিক্ষোভ, সংহতি

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকেরা বলেছেন, সরকার চাইলে এক ঘণ্টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সমাধান করতে পারত। কিন্তু সরকার শিক্ষার্থীদের অনুভূতি বোঝার চেষ্টা না করে আন্দোলনে ষড়যন্ত্র খুঁজে ভুল করছে।

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশনে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখা।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বিবৃতিতে বলা হয়, সমস্যার আশু সমাধানে উপাচার্যকে দায়িত্ব থেকে পদত্যাগ, অন্যথায় অব্যাহতি প্রদান করা হোক।

সংকট নিরসনে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে ‘সচেতন সিলেটবাসী’ নামের একটি সংগঠন।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া, প্রতিনিধি, সিলেট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়)