আমরণ অনশনরত পাঁচ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরণ অনশনরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিয়ারিং (এসিসিই) বিভাগের পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান ও ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে নেওয়া শাস্তি প্রত্যাহারের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
গতকাল সোমবার দুপুরে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র বেলাল আহমেঞ্চদকে বিকেলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অন্য ছাত্ররা হলেন ষষ্ঠ সেমিস্টারের কামরুল হাসান, দ্বীপ সরকার ও কামাল হোসেন এবং পঞ্চম সেমিস্টারের ইশতিয়াক আহমেঞ্চদ। তাঁরা অসুস্থ অবস্থায় ক্যাম্পাসে সহপাঠীদের সঙ্গে অনশন চালিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সহকারী ইশরাত জাহান প্রথম আলোকে বলেন, অনশনরত পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
অনশনরত শিক্ষার্থীরা জানান, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু তাঁদের ন্যায্য দাবি পূরণ না করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কার ও জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, প্রায় চার মাস ধরে তাঁদের একাডেমিক কার্যক্রমও স্থগিত রেখে শিক্ষার্থীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলেন, গত ১০ নভেম্বর একাডেমিক কার্যক্রম চালু হলেও শাস্তি প্রত্যাহার ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবি পূরণ করা হয়নি। এ পরিস্থিতিতে তাঁরা বাধ্য হয়ে গত রোববার সকাল সাড়ে নয়টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এ আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এসিসিই বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানসহ পাঁচ দফা দাবিতে গত ১৯ মে আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় ২ জুলাই ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের পাশাপাশি দুই শিক্ষককে ১৮ ঘণ্টা অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মমিনুল হক বলেন, ‘ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তবে, গত রোববার একাডেমিক কাউন্সিলের বৈঠকে শাস্তি প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’ তিনি বলেন, কারও অসুস্থ হওয়ার কথা তাঁর জানা নেই।