আমরণ অনশনে ক্ষতিগ্রস্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ গতকাল বুধবার বেলা ১১টা থেকে খনির প্রধান ফটকের সামনের সড়কে বসে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়ি না ফেরার হুমকি দিয়েছে। কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্তদের ব্যাপারে সরকার আন্তরিক। দ্রুত বিষয়টির সুরাহার জন্য সচিব ও মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে অনশনকারীরা বলেন, আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ প্রতিবার একই কথা বলে। তারা কিছুদিন সময় নেয়, এরপর ফের একই অবস্থা।কর্মসূচি ঘিরে খনির দুই ফটকে ও প্রশাসনিক ভবনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিব-উল-ফেরদৌস, দিনাজপুর সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার ও পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। অনশনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা মো. মকছেদ আলী, মো. বেলাল উদ্দিন, মশিউর রহমান ও রুহুল আমীন বলেন, ধীরে ধীরে ফসলি জমি সব দেবে যাচ্ছে, ভূকম্পনে বাড়িঘরের দেয়াল ফেটে চৌচির হয়ে গেছে। পরিবার নিয়ে শান্তিতে ঘরে থাকা যাচ্ছে না। জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে ক্ষতিগ্রস্তদের একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে বিষয়গুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবায়ন করা হয়নি। তাঁদের কথা ও কাজে কোনো মিল নেই। বাধ্য হয়ে আমরণ অনশন শুরু করতে হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে। বড়পুকুরিয়া কয়লাখনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী কালুপাড়া, মৌপুকুর, জিগাগাড়ী, বলরামপুরসহ প্রায় ১০টি গ্রামে ৬৪৬ একর ফসলি জমি দেবে গেছে, ওই এলাকার অনেক বাড়িঘরে ফাটল ধরেছে। ওই গ্রামগুলোতে সব সময় ভূকম্পন অনূভূত হয়। আতঙ্কিত গ্রামবাসী দ্রুত সেখান থেকে নিরাপদ জায়গায় সরে যেতে চায়। দীর্ঘদিন ধরে তারা ক্ষতিপূরণসহ পুনর্বাসনের জন্য আন্দোলন করছে।