শিগগির সরকার-ঘোষিত প্যাকেজ প্রদান এবং দুই মৌসুমের শস্য ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ৭ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে।গত শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির পক্ষ থেকে উল্লিখিত কর্মসূচি-সংবলিত একটি স্মারকলিপি খনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেওয়া হয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক এর সত্যতা নিশ্চিত করেছেন। ভূগর্ভস্থ খনন পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী কালুপাড়া, বলরামপুর, জিগাগাড়ী, মৌপুকুরসহ ১০ গ্রামে বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল ও ফসলি জমি দেবে গেছে। স্থানীয় বাসিন্দারা এককালীন ক্ষতিপূরণ ও স্থায়ী পুনর্বাসনের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করছে।বছর খানেক আগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে আবাদি জমির মূল্য একরপ্রতি ২০ লাখ, বসতভিটা ২৫ লাখ, ভূমিহীন পরিবারপ্রতি দুই লাখ এবং প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়।সরকার-ঘোষিত ওই প্যাকেজটি নিয়ে প্রথম দিকে বিভেদ থাকলেও এখন ক্ষতিগ্রস্ত লোকজন ওই প্যাকেজ নিতে রাজি।ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভাষ্য, এখন বর্ষা মৌসুম চলছে। বৃষ্টি হলেই লোকজনের বাড়িঘর ভেঙে পড়ছে। এলাকার প্রায় ৩০টি বাড়ি এরই মধ্যে ভেঙে গেছে। তারা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। গ্রাম ছেড়ে চলে গেছে অনেকে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, ‘আর আন্দোলন-সংগ্রাম করার ইচ্ছে ছিল না। আমরা বাধ্য হচ্ছি। সরকার ঘোষিত প্যাকেজের ১৯০ কোটি টাকা প্রায় চার মাস আগে দিনাজপুর জেলা প্রশাসকের দপ্তরে জমা হয়ে আছে। কিন্তু ওই টাকা বিতরণ করা হচ্ছে না। জীবন চলে গেলেও দাবি আদায় না করে বাড়িতে ফিরে আসব না।’খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিপূরণ, পুনর্বাসন কিংবা অন্যান্য বিষয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আমাদের করণীয় কিছু নেই। জেলা প্রশাসকের কাছে প্যাকেজের টাকা জমা আছে। সম্ভবত অল্প দিনের মধ্যে টাকা বিতরণ শুরু হবে।’