আমরণ অনশনের তৃতীয় দিনে ২৫ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফা দাবি আদায়ে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের তৃতীয় দিনে গতকাল বুধবার ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থীরা জানান, ১ জুলাই সকাল ১০টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে চার শতাধিক শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। অনশনের তৃতীয় দিনে গতকাল ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোকসানা শারমিন, মোহসানা আক্তার ও হামিদা সুলতানা এবং প্রথম বর্ষের মাহমুদা সুলতানা ও হালিমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালকের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন। চিঠিতে শিক্ষানবিশ কোর্স চালু, বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা ও অ্যাপ্রন পরিধানের বিধান করার দাবিসহ তিনটি দাবি তিন মাস সময়ের মধ্যে পূরণ করার কথা রয়েছে। চিঠিটি অনশনরত শিক্ষার্থীদের পড়ে শোনানোর পরও তাঁরা অনশন ভাঙছেন না। শিক্ষার্থীরা জানান, তাঁদের ছয়টি দাবি এক মাসের মধ্যে পূরণ করার আশ্বাস দিতে হবে।