যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সবার অংশগ্রহণের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠান সামনে রেখেই আওয়ামী লীগ জোরদার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।’
গতকাল মঙ্গলবার বেলা তিনটায় গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের স্থান বাছাই ও পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমরা যদি লোক দেখানো নির্বাচন করতাম, একা একাই নির্বাচন করতাম। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন করতাম। তাহলে আমরা এত জোরদার প্রস্তুতি কেন নিচ্ছি?’
এ সময় সড়ক ও জনপথের (সওজ) ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামান, প্রকল্পের ব্যবস্থাপক এ কে মো. ফজলুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী পরে কোনাবাড়ীসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন।