জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমরা অন্য মত গ্রহণ করতে বা সহ্য করতে কেন জানি অসহিষ্ণু হয়ে পড়ছি। আমরা অন্য কোনো মত সহ্য করতে চাচ্ছি না।’ ৫ জানুয়ারির প্রতি ইঙ্গিত করে গত রোববার তিনি এসব কথা বলেন।
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। রাজধানীর লেকশোর হোটেলে ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) ওই প্রতিযোগিতার আয়োজন করে।
‘সকল ধর্মের অনুসারীদের নিয়ে সমাজ গঠনে মহানবী (সা.)-এর শিক্ষা’ বিষয়ে তিনটি শ্রেণিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লেকশোর হোটেলের সৌজন্যে অনুষ্ঠান এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ও সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশের সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয় বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি লে. জে. (অব.) এম নূরউদ্দীন খান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইওয়ান উইরানাতা-আটমাদ্জা, তুরস্কের কনসাল জেনারেল সালাহউদ্দিন কাশেম খান, সিশেলসের কনসাল জেনারেল আমিরুজ্জামান, পাকিস্তান দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সামিনা মেহতাব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জালাল আহমেদ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ আইয়ূব প্রমুখ বক্তব্য দেন।