আমরা অপ্রত্যাশিত সময় অতিক্রম করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার সন্ধ্যায় একুশে পদকপ্রাপ্ত অরূপ রতন চৌধুরীর ৬৪তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সংগীতবিষয়ক একমাত্র মাসিক পত্রিকা ‘সরগম’ আয়োজন করে এই অনুষ্ঠানের। ছবি: প্রথম আলো
সোমবার সন্ধ্যায় একুশে পদকপ্রাপ্ত অরূপ রতন চৌধুরীর ৬৪তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সংগীতবিষয়ক একমাত্র মাসিক পত্রিকা ‘সরগম’ আয়োজন করে এই অনুষ্ঠানের। ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমরা যে সময় অতিক্রম করছি, বাংলাদেশে এই সময়টা আমাদের জন্য অপ্রত্যাশিত এক অর্থে। ১৯৭১ সালে যখন আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তখন যেসব মূল্যবোধ আমাদের চোখের সামনে, মনের সামনে আসত, আজ তার প্রত্যেকটি আক্রান্ত।’

রাজধানীর সেগুন বাগিচায় আখতার ইমাম মিলনায়তনে আজ সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন।
একুশে পদকপ্রাপ্ত ড. অরূপ রতন চৌধুরীর ৬৪তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সংগীতবিষয়ক একমাত্র মাসিক পত্রিকা ‘সরগম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুজ্জামান বলেন, ‘অরূপ রতন মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন। তাঁকে শব্দসৈনিক বলা হয়। আমি আশা করি, অরূপ রতন আমাদের নেতৃত্ব দেবেন। আমরা পরস্পরের হাতে হাতে রেখে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ন্যায়পরায়ণ বাংলাদেশ গড়ে তুলব।’

জন্মদিনের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে খাপ খাওয়ানো যায় না, সামরিক সরকারের সঙ্গে খাপ খাওয়ানো যায় না, জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে খাপ খাওয়ানো যায় না। জঙ্গি-সন্ত্রাসীরা যা-ই করুক না কেন, জীবনের চাকা চলবে। জন্মদিন পালন হবে। কোনো কিছুতেই উৎসব, দুর্গাপূজা, মহররম অথবা জন্মদিনের অনুষ্ঠান বন্ধ করব না।’

জীবনকে খাপ খাওয়ানোর সংগ্রাম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অরূপ রতন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি, পঁচাত্তরের পর সামরিক শাসনের সঙ্গে খাপ খাওয়াননি। অতীতে যেভাবে আপনি খাপ খাওয়াননি, ঠিক তেমনি আমি আশা করব জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে অসমাপ্ত যুদ্ধে দাঁড়িয়ে আপনি নজির রেখে যাবেন।’ তথ্যমন্ত্রী অরূপ রতনের দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা ‘আগুনের পরশমণি’ গান পরিবেশন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, কণ্ঠশিল্পী ফকির আলমগীর, চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।