‘তরুণ প্রজন্মকে জ্ঞান মুখাপেক্ষী হতে হবে। হাতিয়ার হিসেবে ধরতে হবে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে। আমরা অর্থবিত্তে দরিদ্র, মেধায় দরিদ্র নই।’
গতকাল রোববার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবসে মেমোরিয়াল ট্রাস্ট মেধা পুরস্কার বিতরণ শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে মেমোরিয়াল ট্রাস্ট মেধা পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নাহিদ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৬১ জন মেধাবী কৃষিবিদকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল ভিত্তি কৃষিশিক্ষা। মেধা ও জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।
১৬ কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ ও মঙ্গা দূরীকরণে কৃষিবিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়কে বর্তমান দৃষ্টিভঙ্গি ও চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে হবে। পাঠ্যক্রমকে আধুনিকীকরণের সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।