স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি। এ কলঙ্ক প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়াচ্ছি। আমরা আর এ কলঙ্ক বয়ে বেড়াতে চাই না। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করতেই হবে।কথাগুলো শহীদ বুদ্ধিজীবী শফিকুল আনোয়ারের দৌহিত্রী আমানা সিফাতের। বুদ্ধিজীবী হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার প্রসঙ্গে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন আমানা। একই মন্তব্য শহীদ মধুসূদন দের দৌহিত্রী অপরাজিতা রায় ও শহীদ কাজী শামসুল হকের পৌত্র কাজী শামস মহসীনেরও।মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের তৃতীয় প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কী ভাবছে, সে বিষয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাদুঘর আয়োজিত সাত দিনব্যাপী বিজয় উৎসবের অংশ ছিল এ অনুষ্ঠান।অনুষ্ঠানে আমানা সিফাত বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হলেই তা আর এগোয় না, এ বিষয়ে আলোচনা করতে পছন্দও করে না।’ অপরাজিতা রায় বলেন, রাজাকার, আলবদর, আলশামস না থাকলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করতে পারত না। সদ্য ষষ্ঠ শ্রেণী শেষ করা কাজী শামস মহসীন জানায়, যুদ্ধাপরাধীদের বিচার বিদ্যালয়ের বন্ধুদের কাছে ঠাট্টা হিসেবে বিবেচিত হয়। তাদের সঙ্গে এ বিষয়ে কথাই বলা যায় না। যাদের পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তারাই এর কষ্ট বুঝতে পারে। অন্যদের পক্ষে তা বোঝা সম্ভব নয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী। তিনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার বেদনা বয়ে বেড়াচ্ছি।’ এ ছাড়াও অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।