আমরা আরও অনেক দূর যেতে চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আরও অনেক দূর যেতে চাই। ২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশকে একটা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, কোনো মানুষ ক্ষুধায় কাতর হবে না। প্রতিটি মানুষ রোগের চিকিৎসা পাবে, প্রতিটি মানুষ শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। এটাই আমাদের লক্ষ্য। আর সে লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, তাঁরা যখন সরকারে এসেছেন, তখনই এ দেশ সত্যিকারভাবে উন্নয়নের মুখ দেখেছে। দেশের মানুষ আজকে দারিদ্র্যসীমা থেকে উঠে আসছে। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো একটি জাতির উন্নয়নের জন্য একটি দিকনির্দেশনা থাকতে হয়, দিকদর্শন থাকতে হয়, ভিশন থাকতে হয়। আমরা সেটা ঘোষণা দিয়েছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত করব। আমাদের গৃহীত আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে আজকে বাংলাদেশ নিম্ন মধ্যআয়ের দেশে উন্নীত হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী জাতি। আমাদের সব সময় এ কথা মনে রাখতে হবে যে, আমরা বিজয়ী জাতি। বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। আর বাংলাদেশ নিম্ন থাকবে না। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে অবশ্যই ২০২১ সালের পূর্বেই আমরা উন্নীত হতে পারব—এ বিশ্বাস আমার আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের কামনা। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই দেশকে আমরা অবশ্যই উন্নত-সমৃদ্ধ করতে পারব।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না।