আমরা আলো দিয়েছি, তিনি অন্ধকার দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেছেন, ‘আমরা আলো দিয়েছি। তিনি (খালেদা জিয়া) দেশবাসীকে অন্ধকার দেবেন। দেশকে হতাশা ও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার বিরোধীদলীয় নেত্রী সব করছেন।’ আজ রোববার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সোজাসাপ্টা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের চেহারা পাল্টে দেবেন। তিনি সার ও চালের দাম বাড়িয়ে দেবেন।’কৃষিমন্ত্রী বলেন, সংবিধান মোতাবেক আগামী নির্বাচন হবে। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে বড় শক্তি। তা না হলে পতন অবশ্যম্ভাবী। বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। সাংসদ মোশাররফ হোসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় সংগঠনের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

ফেলানীর রায় প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের সময় প্রথম সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। তবে এ রায়ে সন্তুষ্ট নই। ভবিষ্যতে আরও ওপরের দিকে যাওয়ার সুযোগ রয়েছে।’

অধিকার প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘গত ৫ মে হেফাজতের অবস্থান কর্মসূচিতে ৬১ জন নিহত হয়েছে বলে প্রকাশ করেছে অধিকার। নিহতদের নাম-ঠিকানা চাইলেও তারা কোনো ধরনের প্রমাণপত্র দেবে না বলে জানায়। তারা ফটোশপের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।’

কৃষিমন্ত্রী তাঁর বক্তৃতায় বর্তমান মহাজোট সরকারের আমলের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন।

মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আমাদের কারণে আমরা পরাজিত হয়েছি। তাই এক ও অভিন্ন হয়ে নৌকায় ভোট দেওয়ার জন্য কাজ করলে দলকে এবার ২০০ শয়ের বেশি আসন উপহার দিতে পারব।’

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা সারা দেশে ঠিকভাবে প্রচার করতে পারলে, আগামীবার ২০০ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ সদস্য চেমন আরা তৈয়ব প্রমুখ। সভা পরিচালনা করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।

আলোচনা সভার আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও অন্য নেতারা মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী আয়েশা সুলতানাকে পুষ্পমাল্য পরিয়ে দেন এবং তাঁদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।