আমরা আশা নিয়ে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আন্তরিকতা নিয়ে চুক্তি বাস্তবায়নের কাজ করবে এমন আশা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর দাবি, পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নে সরকার আন্তরিক।
চট্টগ্রাম সার্কিট হাউসে গতকাল শুক্রবার পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে দুই পক্ষের মধ্যে অালোচনা হয়। পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন এবং ভূমি কমিশনকে আরও কার্যকর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, ‘আমরা আন্তরিকতার সঙ্গে কয়েকটি বিষয়ে কথা বলেছি। পার্বত্য চট্টগ্রামের জনগণের অনেক দাবি আছে। মানুষ আশা নিয়ে জীবনযাপন করে। আমরাও আশা নিয়ে বেঁচে আছি। আশা করি, সরকার আন্তরিকতা নিয়ে আমাদের দাবি পূরণে কাজ করবে। কারণ, দাবি পূরণটা হচ্ছে আন্তরিকতার বিষয়।’
সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সার্কিট হাউসের দ্বিতীয় তলায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক চলার সময় গওহর রিজভী ও সন্তু লারমা দোতলা থেকে নিচের বাগানে গিয়ে একান্তে সাত-আট মিনিট কথা বলেন। এরপর তাঁরা আবার দোতলায় সম্মেলনকক্ষের আলোচনায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।
গওহর রিজভী সাংবাদিকদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে প্রচুর কাজ হচ্ছে। আমরা চেষ্টা করছি আরও দ্রুতভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে। শান্তি চুক্তি কতটুকু অগ্রসর হলো সে বিষয়ে সভায় আলোচনা করেছি। তবে এতটুকু বলতে পারি, আমরা খুবই আশাবাদী। কিছুদিনের মধ্যে এটা বাস্তবায়ন করতে পারব।’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা জানান, পার্বত্য চট্টগ্রামে ৩৩টি বিভাগের মধ্যে ৩০টি বিভাগ তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটির ব্যাপারে আলোচনা চলছে। তবে পার্বত্য চট্টগ্রামে ভূমিই হচ্ছে প্রধান সমস্যা। এই সমস্যা নিয়ে আলোচনা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। ভূমি কমিশনকে আরও কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।