আমরা আশাবাদী, ইলিয়াসকে সরকার ফিরিয়ে দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলে, তাদেরই গুম করা হয়। ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সিলেটে আন্দোলন গড়ে তুলেছিলেন। এ আন্দোলন করায় তাঁকে গুম করেছে সরকার।’ বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে পাঁচ সদস্যের বিএনপির সংসদীয় প্রতিনিধিদল গতকাল শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করে বিকেলে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এ কথা বলেছে।গত ১৭ এপ্রিল থেকে ‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলী দেশি-বিদেশি চক্রান্তের শিকার জানিয়ে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বিএনপি মনে করে, এম ইলিয়াস আলী এখনো জীবিত আছেন। বর্তমান সরকার শুধু বিরোধী দলকে দমন-পীড়নেই ব্যস্ত রয়েছে। সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে যারা কথা বলে, তাদের গুম করার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ রয়েছেন।’ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল সকালে সিলেটে পৌঁছে এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ পরিদর্শনে যায়। ইলিয়াসের গ্রামের বাড়ি রামধানায় গিয়ে তাঁর মা সূর্যবান বিবির সঙ্গে সাক্ষাৎ করেন সংসদীয় দলের প্রতিনিধিরা। তাঁরা ইলিয়াসের মাকে বলেন, ‘আমরা এখনো আশাবাদী, ইলিয়াসকে সরকার ফিরিয়ে দেবে। আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনব।’ একই এলাকায় ইলিয়াসের গাড়িচালক আনসার আলীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। গত ২৩ এপ্রিল বিশ্বনাথে হরতাল চলাকালে সংঘর্ষে নিহত যুবদলের কর্মী মনোয়ার হোসেন ও ছাত্রদলের সেলিম আহমদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের মাজার জিয়ারত করেন তাঁরা। পরে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাইয়ের বাড়িতে মতবিনিময় সভা করেন। জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে সাংসদ শাম্মী আখতার, নজরুল ইসলাম, হাফিজুর রহমান ও আশরাফ উদ্দিন ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আবদুল গফফার, মহানগর বিএনপির সভাপতি এম এ হকসহ জেলা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।বিশ্বনাথ থেকে ফেরার পথে সংসদীয় প্রতিনিধিদলটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামণি চাকমা ও বিশ্বনাথ থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের সদস্যরা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।২৩ এপ্রিল বিশ্বনাথের ঘটনার উল্লেখ করে নেতারা পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। এ পরিস্থিতি আইনের মাধ্যমেই মোকাবিলা করা হবে। কিন্তু মামলার নামে যাতে নিরীহ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা অযথা হয়রানির শিকার না হন, সে জন্য পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা গত ২৩ এপ্রিল বিশ্বনাথে সংঘটিত ঘটনা এবং এর পরে একাধিক মামলা সত্ত্বেও বিএনপির নেতা-কর্মীরা যাতে বাড়িঘরে থাকতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। ২৩ এপ্রিল সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের নেতা সেলিম আহমদের বাবার দায়ের করা মামলাটি লিপিবদ্ধ করে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা সিলেট থেকে ফেরেন।