আমরা এক শিক্ষা-অন্তঃপ্রাণ মানুষকে হারালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও ছিল আমার সহপাঠী, ঘনিষ্ঠ বন্ধুদের একজন। তার সঙ্গে আমার রয়েছে মধুময় অনেক স্মৃতি। ছোটবেলা থেকেই সে ছিল অসম্ভব মেধাবী। শিক্ষকতাকে সে আজীবন উপভোগ করেছে। ছাত্রজীবন শেষে অন্য কোনো পেশায় না ঢুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় থিতু হয়েছে। ছাত্রজীবনেও শিক্ষকতা করত। আমার স্ত্রীরও শিক্ষক ছিল। আমরা এক শিক্ষা-অন্তঃপ্রাণ মানুষকে হারালাম।’
সদ্য প্রয়াত প্রবীণ শিক্ষাবিদ ছদরুদ্দিন আহমদ চৌধুরীর নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ স্মৃতিচারণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ডক্টর ছদরুদ্দিন আহমদ চৌধুরী নাগরিক শোকসভা উদ্যাপন পর্ষদের উদ্যোগে নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল মিলনায়তনে এ সভা হয়।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে এ শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া, ভাষাসংগ্রামী মো. আবদুল আজিজ, সিলেট জেলা পরিষদের প্রশাসক লুৎফুর রহমান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ জামিল। এ ছাড়া অধ্যাপক হাসানুজ্জামান, ছদরুদ্দিনের সহকর্মী আ ন ম জয়নাল আবেদীন, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
আবৃত্তিকার নাজমা পারভীনের সঞ্চালনায় প্রয়াত ছদরুদ্দিন আহমদ চৌধুরীর জীবনী পাঠ করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম। শোকসংগীত পরিবেশন করেন শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী।
বক্তারা বলেন, সিলেটের প্রবীণতম শিক্ষাবিদ ছিলেন ছদরুদ্দিন আহমদ চৌধুরী। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—সবখানেই তাঁর ছিল সপ্রতিভ উপস্থিতি। ছদরুদ্দিন ছিলেন সেই গোছের ব্যক্তি, যাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
বক্তারা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরীর নামে একটি হলের নামকরণ এবং তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার দাবি জানান। সরকারি ও বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে তাঁর সম্পৃক্ততা এবং দেশের শিক্ষা বিস্তারে অসামান্য অবদান থাকা সত্ত্বেও তাঁকে জাতীয় অধ্যাপক না করায় বেশ কয়েকজন বক্তা হতাশা প্রকাশ করেন।