প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা একদিন যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হব। এ জন্য একটি অ্যারোনটিক্যাল সেন্টার স্থাপনের কাজ চলছে। সেখানে বিমান ও হেলিকপ্টারের যন্ত্রাংশও তৈরি করা হবে। কক্সবাজারের পেকুয়া ও পটুয়াখালীর রাবনাবাদে সাবমেরিন ঘাঁটির জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে।’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈকালিক এ সংবর্ধনায় দেওয়া ভাষণে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর কাছে জাতিসংঘের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ছাড়াও তিন বাহিনীর বিভিন্ন পদের কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, কূটনৈতিক মিশনের সদস্যরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আসেননি।
সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা কঠোর আত্মত্যাগ এবং ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কাজেই আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।’
মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের দারিদ্র্যের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা দুই হাজার টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন। ২০০৯-১০ অর্থবছরে বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক ভাতা ১১ হাজার ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪ হাজার ৪০০ টাকা এবং আড়াই হাজার শহীদ পরিবারের ভাতা বৃদ্ধি করে সাত হাজার ২০ টাকায় উন্নীত করা হয়েছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে কয়েকজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের মধ্যে উপহার হিসেবে চেক, মুঠোফোন ও শাল বিতরণ করেন। পরে তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের নবনির্মিত ভবন এবং ঢাকা সেনানিবাসে শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেটের পূর্ব দিকে স্বাধীনতা টাওয়ারের উদ্বোধন করেন।
বাসস জানায়, এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মো. ফরিদ হাবিব ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মো. এনামুল বারী বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।