আমরা করব জয় একদিন...
ব্লাড ক্যানসার আক্রান্ত ইমরান নাজিরের সঙ্গে সবাই গাইছিল—আমরা করব জয় একদিন...আমরা নই একা...আমাদের নেই কোনো ভয় গানটি। ইমরানের সঙ্গে যারা গলা মিলিয়েছে তারাও ক্যানসারে আক্রান্ত শিশু। চোখের ক্যানসারে কারও এক চোখ অস্ত্রোপচার করে ফেলে দেওয়া হয়েছে। কারও বা লিকলিকে হাতে স্যালাইন দেওয়ার ক্যানোলা লাগানো। কারও চোখে ব্যান্ডেজ। তবে ওরা যখন গাইছিল, তখন সবার মুখে ছিল হাসি।
ছোট ছোট ক্লান্ত মুখগুলোতে একটু হাসি ফোটাতে এই শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থাগার বিভাগের আউটরিচ প্রোগ্রাম ‘রঙের খেলায় গল্প বলি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ক্লাস রুমে প্রায় ৪০ জন ক্যানসার আক্রান্ত শিশু আনন্দে সময় কাটায়। শিশু একাডেমির পক্ষ থেকে মজার মজার বই উপহার পেয়ে মুখে হাসির রেখা সারা মুখে ছড়িয়ে যায়। জলপুতুল পাপেট শোর লাল, হলুদ, গানের পাখি ও গবুচন্দ্র মন্ত্রীর সঙ্গেও শিশুরা সময় কাটায়। বড় সাদা কাগজে বিভিন্ন রং দিয়ে শিশুরা নিজের মনে আঁকাআঁকি করে। তারপর সে কী আঁকল তা নিয়ে গল্পও বলে। আর সন্তানের মুখে হাসি দেখে মা-বাবাদের মুখেও ছিল হাসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, ভর্তি ছিল এখন বাড়ি থেকে ফলোআপ করাচ্ছে—এ ধরনের শিশু এবং আশিক ফাউন্ডেশনের শিশুরা এ অনুষ্ঠানে অংশ নেয়। আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের সঙ্গে এসব আয়োজনে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার বিভাগ ও শিশু বিভাগের চিকিৎসক, বস্তি ও পথশিশুদের নিয়ে কর্মরত চিলড্রেনস হেভেন, শিশু সংগঠন কচিকাঁচার আসরের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিশু একাডেমির গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা আখতার। শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিশু একাডেমির পক্ষ থেকে শিশুদের বড় সাদা কাগজ ও রং দেওয়া হয় ছবি আঁকার জন্য। তারা অনেকক্ষণ চিন্তাভাবনা করে। এক সময় তারা রং দিয়ে পতাকা, ফুল, ঘর, গাছ ইত্যাদি আঁকা শুরু করে। অনেকে লিকলিকে হাতে রং দিয়ে শুধু আঁকিবুঁকি করে। পরে মঞ্চে গিয়ে একেকজন ছবির গল্প বলার পাশাপাশি কবিতা ও ছড়া বলে। শিশুরা যখন আঁকছিল, তখন তাদের পাশেই বসা ছিলেন অভিভাবকেরা। অনুষ্ঠানের সঞ্চালক রেজিনা আখতার বারবার ঘোষণা করছিলেন এটা কোনো প্রতিযোগিতা নয়। শিশুরা নিজের মনে আঁকবে। তবে কয়েকজন অভিভাবক বারবার এসে বাচ্চাকে সাহায্য করতে চাচ্ছিলেন, যাতে তাঁর সন্তানের আঁকা ছবিটিই সেরা হয়।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম আমিরুল মোরশেদ প্রথম আলোকে জানালেন, দ্রুত চিকিৎসা শুরু করলে এবং চিকিৎসা শেষ পর্যন্ত চালিয়ে গেলে ক্যানসারে আক্রান্ত শিশুদের ভালো করে তোলা সম্ভব। তবে আর্থিক কারণসহ নানা কারণে চিকিৎসা সম্পন্ন করা কঠিন হয়ে যায়।
ছবি আঁকায় মগ্ন ওয়াজেদুল, জান্নাতসহ কয়েকজনকে দেখিয়ে আমিরুল মোরশেদ জানালেন, তারা এখন ভালোর দিকে।
পাবনা থেকে সাত বছর বয়সী ছেলে রাতুলকে সঙ্গে নিয়ে এসেছেন মা শিউলি। ছেলের ৪৫টি কেমোথেরাপির মধ্যে এখনো ১৭টি কেমো দেওয়া বাকি আছে। ২৫টি রেডিওথেরাপি দেওয়া হয়েছে। ঢাকায় ভাইয়ের বাড়িতে থেকে, পাবনা থেকে ছেলেকে নিয়ে আসা-যাওয়া করে ছেলের চিকিৎসা করাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ শিশু ক্যানসার দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া এবং ছেলের চিকিৎসার অংশ হিসেবে ঢাকায় এসেছেন। ছেলের মুখে হাসি দেখে এই মা ও খুশি।
অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কথা হয় শিশু ইমরান নাজিরের সঙ্গে। ওর বাড়ি রংপুরে। শরীর খারাপ থাকায় পঞ্চম শ্রেণিতে সে একদিনও ক্লাস করতে পারেনি। কেমন আছে জানতে চাইলে বলে, ‘আমার তো ব্লাড ক্যানসার। ব্লাড ক্যানসার হলে তো কেউ বাঁচে না।’ তবে ও একটু আগেই গাইছিল, আমরা করব জয় একদিন...।