
ব্লাড ক্যানসারে আক্রান্ত ইমরান নাজিরের সঙ্গে সবাই গাইছিল, ‘আমরা করব জয়...আমরা নই একা...আমাদের নেই কোনো ভয়...’ গানটি। ইমরানের সঙ্গে যারা গলা মিলিয়েছিল, তারাও ক্যানসার আক্রান্ত শিশু। কারও এক চোখ অস্ত্রোপচার করে ফেলে দেওয়া হয়েছে। কারও বা লিকলিকে হাতে স্যালাইন দেওয়ার ক্যানোলা লাগানো। তবে ওরা যখন গাইছিল, তখন সবারই মুখে ছিল হাসি।
ক্লান্ত মুখগুলোতে একটু হাসি ফোটাতে বাংলাদেশ শিশু একাডেমীর গ্রন্থাগার বিভাগের আউটরিচ প্রোগ্রাম ‘রঙের খেলায় গল্প বলি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রক্তরোগ ও ক্যানসার বিভাগ ও শিশু বিভাগের চিকিৎসক, বস্তি ও পথশিশুদের নিয়ে কর্মরত চিলড্রেনস হেভেন, কচি-কাঁচার আসরের প্রতিনিধিরা।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ক্লাস রুমে প্রায় ৪০ জন ক্যানসারে আক্রান্ত শিশু আনন্দে কাটায়। আয়োজকদের কাছ থেকে বই উপহার পেয়ে তারা খুশি হয়। জলপুতুল পাপেট শোর লাল, হলুদ, গানের পাখি ও গবুচন্দ্র মন্ত্রীর সঙ্গেও শিশুরা সময় কাটায়। বড় সাদা কাগজে বিভিন্ন রং দিয়ে শিশুরা নিজের মনে আঁকা-আঁকি করে। ক্যানাসরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে, বাড়িতে থেকে ফলোআপ করছে এবং আশিক শিশু ক্যানসার ফাউন্ডেশনের শিশুরা এ অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু একাডেমীর গ্রন্থাগার বিভাগের প্রধান রেজিনা আখতার। একাডেমির পরিচালক মোশাররফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কথা হয় রংপুরের ইমরান নাজিরের সঙ্গে। শরীর খারাপ থাকায় পঞ্চম শ্রেণিতে সে এক দিনও ক্লাস করতে পারেনি। কেমন আছে জানতে চাইলে বলে, ‘আমার তো ব্লাড ক্যানসার। ব্লাড ক্যানসার হলে তো কেউ বাঁচে না।’ তবে ও একটু আগেই গাইছিল, ‘আমরা করব জয় একদিন...’।
শিশু ক্যানসার ভালো হয়: গতকাল সোমবার বিশ্ব শিশু ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় আলোচকেরা বলেছেন, যথাযথ চিকিৎসা করালে বেশির ভাগ শিশুর ক্যানসার ভালো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটলজি অ্যান্ড অনকোলোজি বিভাগ জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে। সভায় জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, একসময় বলা হতো ‘ক্যানসার হ্যাজ নো অ্যানসার’। কিন্তু যথাযথ চিকিৎসা হলে দেশেই ৭০ শতাংশ রোগী ভালো হয়। তিনি বলেন, দেশে শিশু ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ২২ জন, শিশুদের জন্য শয্যা ৯০টি। ওষুধের দুষ্প্রাপ্যতা আছে। এ চিকিৎসার খরচও তুলনামূলক বেশি।
বিএসএমএমইউর চিকিৎসক আফিকুল ইসলাম বলেন, প্রতিবছর বিএসএমএমইউতে ৫০০ রোগী ভর্তি হয়। টাকার অভাবে চিকিৎসা করায় না ৩০ শতাংশ রোগী। আর যারা চিকিৎসা নেয়, তাদের ১৪ শতাংশ মনে করে শিশু ক্যামোথেরাপি সহ্য করতে পারবে না। ১৩ শতাংশ রোগী চিকিৎসা শেষ না করে চলে যায় আর ৭ শতাংশ রোগী মারা যায়।