আমরা কিছুই জানি না: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে আমরা কিছুই জানি না। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। আজ মঙ্গলবার রাতে প্রথম আলো ডটকমকে এ কথা বলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিতের নির্দেশ দেন। এ ব্যাপারে রাতে তিনি এসব কথা বলেন।

এর আগে রাজধানীর বেইলি রোডের এক সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ক্ষেত্রে রিভিউ আবেদন (রায় পুনর্বিবেচনার) ও জেলকোড (কারা বিধি) বিবেচিত হবে না। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর (কাদের মোল্লা) কাছে জানতে চাওয়া হয়েছিল, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না? তিনি বলেছেন, চাইবেন না। এর ফলে তাঁর ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা নেই।

কামরুল ইসলাম বলেন, ‘পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর স্টে অর্ডারের জন্য কাদের মোল্লার আইনজীবীরা চেম্বার জাজের কাছে  যেতে পারতেন। কিন্তু তিন দিন পার হলেও তাঁরা যাননি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এরপর রায়টি ট্রাইব্যুনাল, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাত্ যেখানে যেখানে পাঠানো দরকার, সেখানে পাঠানো হয়েছে। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাদের মোল্লার রায় নিয়ে বিচার-বিশ্লেষণ করেছে। আইনি প্রক্রিয়া মেনেই সবকিছু করা হয়েছে। এখন কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে দেরি করার সুযোগ নেই।’ 

কামরুল ইসলাম অভিযোগ করেন, আজ কাদের মোল্লার আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়, সমীচীন নয়।

একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আজ রাতেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে।’ তবে চেম্বার জাজ মাহমুদ হোসেন কাদের মোল্লার ফাঁসির রায় আগামীকাল সকাল ১০টা পর্যন্ত স্থগিত করলন।