আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সদস্য তুরিন আফরোজ বলেছেন, সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে আমরা কী ধরনের গণতন্ত্র চর্চা করছি? তিনি দিনাজপুরের কর্ণাই গ্রামের তেলীপাড়া, প্রীতমপাড়া, মাধবপাড়া, অজয়পাড়া, সাহাপাড়া ও হরিশপাড়ায় আক্রমণ ও হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে গিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন।
তুরিন বলেন, ‘গণতন্ত্রচর্চার নামে আমরা নানা কথা বলি। আমরা এখানে দেখছি পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জীবিকা নষ্ট হয়ে গেছে। নির্বাচনে কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গণতন্ত্র রক্ষায় ভোট দিতে এসেছে সাধারণ মানুষ। সেই নির্বাচনে পুলিশ ব্যালট বাক্স ঠিকই রক্ষা করেছে। কিন্তু যাদের জন্য গণতন্ত্র, সেই মানুষের নিরাপত্তা দিতে পারেনি।’ তিনি বলেন, ‘আমরা একটা আদর্শ প্রতিষ্ঠায় লড়াই করছি। যে যুদ্ধ ১৯৭১ সালে হয়েছে। তখন যারা বিরোধিতা করেছে, সেই জামায়াত-শিবির-রাজাকারদের বিরুদ্ধে ২০১৪ সালেও সেই লড়াই আমাদের করতে হচ্ছে।’