আমরা চাই না কাউকে পুড়িয়ে মারা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় গতকাল তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় গতকাল তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না, দেশে কোনো মানুষকে পুড়িয়ে মারা হোক, কোনো শিশুকে পুড়িয়ে মারা হোক বা কোনো অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক। আমরা চাই—সুন্দর ভবিষ্যৎ, শান্তিপূর্ণ পরিবেশ, সমৃদ্ধ বাংলাদেশ।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে এদিন বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের পাবলিক প্লাজায় অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা দেশের দায়িত্ব নেওয়ার পর শিশুশিক্ষাকে অবৈতনিক করেছিলেন। তাঁর প্রত্যাশা ছিল, শিশুরা শিক্ষিত হয়ে যোগ্য নেতা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
প্রধানমন্ত্রী শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সবাইকে লেখাপড়া করতে হবে। জাতির পিতার চিন্তা ও চেতনাকে বাস্তবায়িত করতে হবে। জীবনে বড় হতে হলে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। যারা দরিদ্র, যারা প্রতিবন্ধী, তাদের অবহেলা করবে না। দরদি মন নিয়ে তাদের কষ্ট ভুলিয়ে দেবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যতে এটা প্রাথমিক পর্যায় থেকেই বাধ্যতামূলক করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করে শিশু শিক্ষার্থী আশুরা ইসলাম। শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একই স্থানে বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যরা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, তিন বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সোয়া ১০টায় প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
সকাল নয়টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে অবতরণ করে। কিছুক্ষণ পর রাষ্ট্র্রপতি এসে পৌঁছান। পরে তিন বাহিনীর একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সহযোগী সংগঠনগুলোর নেতা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন: সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের জীবন গড়লেই তাঁর জন্ম দিবস উদ্যাপন সার্থক হবে। চারুকলা অনুষদের উদ্যোগে টিএসসির ক্যাফেটেরিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় সংগীত বিভাগের আয়োজনে টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচি: বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করা হয়।
দিবসটি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট ও ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেন্ট্রাল উইম্যান ইউনিভার্সিটি বঙ্গবন্ধুর জন্মদিন পালনের পাশাপাশি নারী দিবসও পালন করে। সারা দেশে জেলা ও উপজেলা সদরে দিবসটি উপলক্ষে শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গমাতা পরিষদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নানা আয়োজনে দিবসটি পালন করে।