
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না আমাদের দেশে পুড়িয়ে মানুষ মারা হোক। চাই না কোনো শিশুকে পুড়িয়ে মারা হোক। চাই না কোনো অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হোক। চাই না শিশুরা এই ধরনের প্রতিহিংসার শিকার হোক। আমরা চাই সুন্দর ভবিষ্যৎ, শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।’
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাশে শিশু সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা শিশুদের ভালোবাসতেন। তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর শিশুশিক্ষা অবৈতনিক করেছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল, শিক্ষা পেলে শিশুরা শিক্ষিত হয়ে যোগ্য নেতা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিক্ষা আইন করেছেন; আমরা ২০১১ সালে শিশু আইন করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখতেন। তিনি দেশের অর্থনৈতিক মুক্তি আনতে চেয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়।’ তিনি বলেন, ‘পঁচাত্তরে আমরা শুধু জাতির পিতাকেই হারাইনি, হারিয়েছি এ দেশের ইতিহাস ও আদর্শকে।’
প্রধানমন্ত্রী শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশকে আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সবাইকে লেখাপড়া করতে হবে। জাতির পিতার চিন্তা ও চেতনাকে বাস্তবায়িত করতে হবে। এ দেশে কোনো শিশু অশিক্ষিত থাকবে না। এ কারণে আমরা শিশু শ্রেণি থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত বিনা পয়সায় বই দিচ্ছি। এ বছরও ইংরেজি নববর্ষের প্রথম দিন ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিনা মূল্যে পুরো বাংলাদেশে বিতরণ করা হয়েছে। গরিব মেধাবীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা থেকে ব্যাচেলর ডিগ্রি পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়েছে।’
প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে বলেন, ‘জীবনে বড় হতে হলে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। যারা দরিদ্র বা গরিব, যারা প্রতিবন্ধী, তাদের অবহেলা করবে না। দরদি মন নিয়ে তাদের কষ্ট ভুলিয়ে দেবে। জাতির পিতা ছোটবেলা থেকে মানবদরদি ছিলেন। গরিবদের বই দিতেন, খাবার দিতেন, পোশাক দিতেন, ছাতা দিতেন। তাঁর এ কাজে সাহায্য করেছেন তাঁর মা ও বাবা।’ ‘ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তব’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার’—এ প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় এ শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিশু আসুরা ইসলাম।
এরপর প্রধানমন্ত্রী জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। পরে প্রধানমন্ত্রী ‘শুধু তোমারই জন্য’ শীর্ষক একটি কাব্য ও গীতিনাট্য উপভোগ করেন। একই স্থানে বইমেলার উদ্বোধন করেন তিনি।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।