আমরা ঝুঁকির মধ্যে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশে জঙ্গিবাদের এ সমস্যাটি ছিল না। গোটা বিশ্বে জঙ্গিবাদের যে কালো ছায়া, তা এখন বাংলাদেশেও কিছুটা পড়তে শুরু করেছে।’

আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের রজতজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে রাজনীতির জন্য অতীতে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ভেবেছিলেন, এটা তাঁদের রাজনীতিতে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তাঁরাও হয়তো বুঝতে পারেননি এটি কতটা ভয়াবহ হয়ে উঠবে।’
শাহরিয়ার আলম বলেন, সরকার জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু সমূলে উৎপাটন করতে পারেনি। শুধু পুলিশ বা র‌্যাব বাহিনী দিয়েও সফলতা অর্জন করা যাবে না। এ জন্য সমাজের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সবার অংশগ্রহণ প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া জঙ্গি নির্মূল সম্ভব নয়।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত মায়েদের উদ্দেশে বলেন, ‘জঙ্গিবাদের ব্যাপারে এত ব্যাখা দেওয়ার কারণ হলো, আপনার যে সন্তান আছে, সে একদিন বড় হবে। তার দিকে খেয়াল রাখুন। সতর্ক থাকতে হবে যেন আমাদের আদরের সন্তান বিপথে চলে না যায়। সন্তানের সন্দেহজনক কোনো আচরণ দেখলে যারা সমাধান দিতে পারবে, তাদের জানান। শুধরে নেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহী শহরে একসময় জঙ্গিরা দাপিয়ে বেড়িয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি, তাদের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ “কন্ট্রোলে” রাখতে পেরেছি। সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই জঙ্গিবাদ নির্মূল করতে হবে। বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক শামসুদ্দীন ইলিয়াস ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান।
সভাপতিত্ব করেন মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান। রজতজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আখতার বানুর পরিচালনায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাতসহ অন্যান্য শিক্ষক বক্তব্য দেন।
এর আগে সকাল নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাশিল্পী হাসান আজিজুল হক। পরে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে স্মৃতিচারণা, মঞ্চ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। দুই দিনের এই উৎসব কাল রোববার শেষ হবে।