বিদায়ী শীতের আকাশে ছিল তাপদায়ী সূর্য, একটু বেশি হাঁটলেই ঘর্মাক্ত হচ্ছিল শরীর, পানির তেষ্টায় ফেটে যাচ্ছিল কোমল ছাতি। তার পরও নেই ঘরে ফেরার তাড়া। বাবা, মা কিংবা নিকটজনের হাত ধরে ওরাও মিলেছিল শাহবাগের প্রজন্ম চত্বরে। মিছিলে, স্লোগানে প্রতিবাদী কিংবা হর্ষধ্বনিতে জানান দিয়েছিল, তাদের পৃথিবীতে আর মানবতাবিরোধীদের ঠাঁই নেই।ওয়ারী থেকে বাবা-মায়ের সঙ্গে এসেছিল এশা বিন ইউসুফ। এশার বাবা জানালেন, আজ (শনিবার) স্কুল খোলা। কিন্তু গতকাল (শুক্রবার) দুপুরে টেলিভিশনে উত্তাল মানবস্রোত দেখে মেয়ে জেদ ধরেছে শাহবাগ যাবে। মিছিল করবে। তাই স্কুল ছুটির পরপরই শাহবাগে নিয়ে এসেছেন।ছোট্ট এশার চোখে-মুখে বিস্ময়। এক গালে জাতীয় পতাকা আঁকা। অন্য গালে লেখা ‘ফাঁসি চাই’। হাতেও জাতীয় পতাকা। মুষ্টিবদ্ধ অন্য হাত সমবেত জনতার স্লোগানের তালে তালে উঠছে-নামছে। আদুরে কণ্ঠে বলল, ‘আমাদের দেশে খুনি, দুষ্ট লোকের জায়গা নেই। আমরা দুষ্টু লোক চাই না!’তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আফিয়া মালিহার গালে লাল কালিতে লেখা ‘ফাঁসি চাই’। মালিহার সঙ্গে দুই সহোদর আদিব ও আহনাফ। আদিব বাবার কোলে। জাতীয় জাদুঘরের ঠিক সামনে অগণিত জনতার মাঝে ওদেরও স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তার মুখেও একই কথা, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।’ মালিহা বলে, ‘আমাদের দেশে শুধু ভালো মানুষ থাকবে। যারা মুক্তিযুদ্ধের সময় অন্য দেশের মানুষদের পক্ষ নিয়েছে, ওরা পচা মানুষ। ওদের ফাঁসি দিতেই হবে। না হলে আমরা বাড়ি ফিরব না।’ বোনের কথা শেষ না হতেই আদিব ও আহনাফ চিৎকার করে ওঠে, ‘ফাঁসি দিতে হবে, ফাঁসি।’ব্যাংক কর্মকর্তা নুরুল আমিন এসেছিলেন ভাতিজা ইশতিয়াক আহমেদ ও মুজাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে দুজনই গালে আলপনা এঁকেছে। নুরুল আমিন বলেন, ‘আমরা কেউ-ই ৭১ দেখিনি। কিন্তু দেশের নতুন মুক্তিযুদ্ধে অংশ নিতে এসেছি।’ স্কুল শেষে বাবা মনিরুজ্জামান আর মা শামসুজ্জাহানের সঙ্গে এসেছিল কেজি-২ এর ছাত্র রাঈদ ইবনে জামাল। দুদিন ধরেই শাহবাগে আসার জন্য বায়না ধরেছে সে। তাই গতকাল স্কুল শেষে বাবা-মা দুজনই তাকে নিয়ে এসেছেন শাহবাগে। বুকে ‘রাজাকারের ফাঁসি চাই’ লেখা ব্যানার ঝুলিয়ে বাবার সঙ্গে এসেছিল শাফায়াত হাকিম। জানাল, শাহবাগে আসবে বলে মা আর বোন মিলে লিখে দিয়েছেন ছোট্ট ব্যানারটি।