গণতন্ত্রের ঘাটতি অগণতান্ত্রিক প্রবণতা আর গণমাধ্যমের ঘাটতি হলুদ বা অপসাংবাদিকতা। ক্ষমতা ও স্বার্থ হাসিলের ক্ষেত্রে এখন অপসাংবাদিকতা বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার একটি বইয়ের প্রকাশনা উৎসবে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশে হলুদ সাংবাদিকতা: প্রবণতা ও প্রকরণ শীর্ষক বইটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে বইটি বাজারে এলেও গতকাল প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পিআইবির মিলনায়তনে। বইটির লেখক শান্তনু চৌধুরী।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতার রাজনৈতিক মাত্রা আমরা দেখেছি। এটা সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।’ মন্ত্রী বলেন, অপসাংবাদিকতার মতো দুর্বলতা সত্ত্বেও গণমাধ্যম শক্তিশালী অবস্থায় রয়েছে। গণমাধ্যম প্রহরীর ভূমিকায় থাকার কারণে সরকার দুর্নীতি মোকাবিলায় সক্ষম হচ্ছে।
এর আগে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের বক্তব্যের একপর্যায়ে তাঁকে থামিয়ে দেন তথ্যমন্ত্রী। সোহরাব হাসান তাঁর বক্তব্যে বলেছিলেন, সরকারের দুর্নীতির খবর ছাপা হলে সাংবাদিকদের ধরে নিয়ে যাওয়া হয়, নির্যাতন করা হয়। অপসাংবাদিকদের জেলে নেওয়া হয় না। দেশের যেসব সাংবাদিক জেলে আছেন, তাঁরা সৎ সাংবাদিক।
তখন এ ধরনের একজন সাংবাদিকের নাম জানতে চান তথ্যমন্ত্রী। সোহরাব হাসান প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের নাম উল্লেখ করেন। একই সময়ে অনুষ্ঠানে উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) একজন নেতার নেতৃত্বে ওই সংগঠনের কয়েকজন সদস্য হইচই শুরু করেন। তাঁরা প্রশ্ন তোলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কোন অপরাধে জেলে আছেন? তিনি তো অপসাংবাদিকতার জন্য জেলে গেছেন। সোহরাব হাসান তখন বলেন, ‘মাহমুদুর রহমানকে আমি সাংবাদিক মনে করি না।’ হইচই চলতে থাকার একপর্যায়ে মন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক করেন।
পরে মন্ত্রী তাঁর বক্তব্যে এ বিষয়ে বলেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর তো সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছে। দেশের রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সব সময়ই আইনের ঊর্ধ্বে থাকার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলে বলা হয়, কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, গণতন্ত্রে সবাইকে আদালতে যেতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা সমালোচনা সহ্য করব, কিন্তু মিথ্যাচার, তথ্য বিকৃতি কিংবা উসকানি সহ্য করব না। এত দিন সমালোচনাও সহ্য করে চলেছি। এখনো নমনীয় আছি। আমরা আশা করি, গণমাধ্যম শুধরে যাবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, অপসাংবাদিকতা শুধু সাংবাদিকতাকে নয়, দেশের সংবিধান, গণতন্ত্রকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। উদ্দেশ্য ও দুরভিসন্ধিমূলকভাবে সাংবাদিকতাকে অতিমাত্রায় দলীয়করণ ও বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। হলুদ সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতাকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। তিনি বলেন, রাষ্ট্রের অস্তিত্বের ওপর হুমকি আসে, এমন খবরও সংবাদপত্রে ছাপা হচ্ছে।
সাংবাদিক আবু সাঈদ খান বলেন, ‘এখানে সাংবাদিকেরা বিভিন্ন দলের সঙ্গে সংশ্লিষ্ট। কেউই সংশ্লিষ্ট দলের ভুল দেখতে চান না। স্বার্থের জন্য আমরা একচোখা হয়ে যাই।’
সাংবাদিকদের শপথ নেওয়ার বিষয়ে সম্পাদকদের কাছে প্রেস কাউন্সিলের চিঠি প্রসঙ্গে ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বলেন, শপথ নিয়ে সাংবাদিকতা করলে ভালো সাংবাদিকতা হবে কি না সন্দেহ। ডিগ্রির মাপকাঠি ধরে সাংবাদিকতা হয় না। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, সাংবাদিকেরা নিজেদের ভুল দেখতে পান না। এসব ভুল নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। বইটিতে কিছু ভুলের বিশ্লেষণ করা হয়েছে।
পিআইবির পরিচালনা বোর্ডের সভাপতি হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আলতাফ মাহমুদ, বইটির লেখক শান্তনু চৌধুরী প্রমুখ।