আমরা নিজেদের ছাড়িয়ে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘প্রতিবছরই আমরা নিজেদের ছাড়িয়ে যাচ্ছি। আমরা এই আত্মবিশ্বাসে পৌঁছেছি, প্রতিবছরই আরও উন্নতমানের খেলাধুলার ব্যবস্থা করা হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে।’
গতকাল বৃহস্পতিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৫তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন প্রকৃত অর্থেই দেশ গড়ার যোগ্য নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারি। জ্ঞানে-গুণে, দক্ষতায়, নৈতিকতায়, দেশপ্রেমে এবং সেই সঙ্গে শারীরিক, মানসিক, সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষাসচিব সোহরাব হোসাইন।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাজশাহী হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর জায়গা। একসময় জঙ্গিদের অত্যাচার বেড়েছিল। কিন্তু আমরা রাজশাহীতে ওই জঙ্গিদের পরাস্ত করেছি। নতুন প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ামনা করে গড়ে তুলতে পারছি।’
এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শেখ ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, রাজশাহী শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উপপরিচালক ফারহানা হক।
দেশের ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৭৬ জন শিক্ষার্থী সাতটি ইভেন্টে লড়াই করবে এ প্রতিযোগিতায়। এর মধ্যে ৪১৬ জন ছাত্র ও ৩৬০ জন ছাত্রী। চারটি অঞ্চলে ভাগ করে এই বড় আসরে তারা অংশগ্রহণ করছে।
চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নিয়ে বকুল অঞ্চল, খুলনা ও বরিশাল নিয়ে গোলাপ অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহ নিয়ে পদ্ম অঞ্চল এবং রাজশাহী ও রংপুর নিয়ে চাঁপা অঞ্চলের হয়ে এবারের এই বড় আসরে প্রথমবারের মতো ক্রিকেট ও বাস্কেটবল খেলায় শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে।