আমরা নিরাপদ না: মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম l প্রথম আলো
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম l প্রথম আলো

কর্মী আর সাংবাদিকদের ভিড়ের মধ্যে দূর থেকে ভোটারদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাজীর দেউড়ি এলাকা থেকে গণসংযোগ শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু উত্তর কাট্টলীর নিজ বাসা থেকে গণসংযোগস্থলে আসার পথে যানজটে আটকা পড়েন তিনি। প্রায় ৪৫ মিনিট পর কাজীর দেউড়ি ২ নম্বর গলি থেকে পায়ে হেঁটে প্রচারণা শুরু করেন তিনি।
গলির মুখে ঢুকে প্রথমেই সাংবাদিকদের মুখোমুখি হন মনজুর আলম। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেখানে আমার ম্যাডামের (খালেদা জিয়া) ওপর হামলা হয়, সেখানে আমরা নিরাপদ কোথায়। আমরা নিরাপদ না।’ এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমসহ আরও অনেকে।
গলিতে হেঁটে প্রচারণার সময় মনজুর আলমের চারদিক ঘিরে ভিড় করেছিলেন সাংবাদিক আর কর্মী-সমর্থকেরা। একটু সামনে থেকে মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগমের নেতৃত্বে ১৮-২০ জন নারীর একটি দল লিফলেট বিতরণ করছিল। ভিড়ের মধ্যে হাত তুলে ভোটারদের শুভেচ্ছা জানান তিনি। ছবি তোলার জন্য সাংবাদিকদের অনুরোধে ভিড় ঠেলে অন্তত দুই-তিনবার ভোটারদের সঙ্গে হাত মেলান এ প্রার্থী।
কাজীর দেউড়ির গলি থেকে ব্যাটারি গলি হয়ে মেহেদিবাগে ঢোকার মুখে খোলা ট্রাকে ওঠে প্রচারণা শুরু করেন মনজুর। এ সময় মাইকে কমলালেবু মার্কায় স্লোগান দেওয়া হয়। মূল সড়কে যানচলাচলেও ব্যাঘাত তৈরি হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বেলা দুইটার আগে মাইক ব্যবহার করা যাবে না বলা থাকলেও তা মানা হয়নি।
মেহেদিবাগ হয়ে গোলপাহাড়, জিইসি মোড়, প্রবর্তক মোড় হয়ে বাগমনিরাম ওয়ার্ডে প্রচারণা শেষ করে চকবাজার ওয়ার্ডে প্রচারণা শুরু করেন মনজুর। চকবাজারে খোলা ট্রাক থেকে বক্তৃতায় মনজুর বলেন, আমরা সবকিছু করতে পারিনি। নগরের উন্নয়নে আরও কাজ রয়েছে। অবশিষ্ট কাজ করার জন্য আরেকবার সুযোগ দিন।