আমরা পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছি: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেই কেবল মন্ত্রীদের পদত্যাগ হয়। আমরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করিনি। আমরা পদত্যাগ নয়, পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছি। আমরা নেত্রীকে (শেখ হাসিনা) বলেছি, সর্বদলীয় মন্ত্রিসভা করতে কিছু লোক কমাতে হবে। এখন আপনার ইচ্ছামতো কমান।’
অর্থমন্ত্রী গত বুধবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আগনসী গ্রামে হাজি মো. মুজেফর ইসলামি দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘২৪ জানুয়ারি পর্যন্ত এ সরকার বৈধ। এর আগে সরকার যাওয়ার প্রশ্নই ওঠে না। যাঁরা এ সরকারকে অবৈধ বলেন, তাঁরা সংবিধান পড়েন না।’
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিক ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংসদ সৈয়দ মহসীন আলী, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক সচিব এ কে এম আবদুল মুনিম, পূবালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল শামীম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ। ১৮-দলীয় জোটের হরতালের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘হরতালে শুধু মানুষ হত্যা, মানুষের সম্পদ নষ্ট ও মানুষ পোড়ানো হচ্ছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, বিরোধীদলীয় নেত্রী এখন জামায়েতে ইসলামীর আমির। তাঁর সব আন্দোলনই সহিংস। এটা প্রতিরোধ করতে হবে।’
সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করছে—নোবেলজয়ী অধ্যাপক মুহামঞ্চদ ইউনূসের এমন অভিযোগ সম্পর্কে পরে সাংবাদিকেরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক যেমন ছিল, তেমন আছে। তিনজন সরকারি প্রতিনিধি ও তাদের নয়জন প্রতিনিধি ছিল। শুধু এই নয়জনকে এখন নির্বাচিত হয়ে আসতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ড. ইউনূসই গ্রামীণ ব্যাংক ধ্বংস করার চেষ্টা করছেন। আমাদের কারণে তিনি ব্যর্থ হচ্ছেন।’
অর্থমন্ত্রী পরে নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।